প্রীতি পোদ্দার, কলকাতা: SIR ইস্যু নিয়ে রাজ্য জুড়ে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে চলছে মহা বিতর্ক। একের পর এক তথ্য প্রকাশ্যে আসতেই বিজেপিকে ঘিরে নানা গুঞ্জন এবং অভিযোগ করে চলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। দাবি করা হচ্ছে, বিজেপি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সবচেয়ে বেশি টাকা খরচ করেছিল পশ্চিমবঙ্গে জেতার জন্য। শুধু তাই নয়, নির্বাচনের আগে বাংলায় এই প্রচার চালানোর জন্য নাকি বেশ কয়েকজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরদের (BJP influencer controversy) ব্যবহার করেছিল বিজেপি। এবার সেই নিয়ে মুখ খুললেন বাংলার ইউটিউবের ‘বং গাই’ অর্থাৎ কিরণ দত্ত (Youtuber Kiran Dutta)।
কী বললেন ইউটিউবার কিরণ দত্ত?
সম্প্রতি তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিল যে, ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় প্রচার চালানোর জন্য নাকি দুই পরিচিত এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, সায়ক চক্রবর্তী এবং শমীক অধিকারীকে (ননসেন শমীক) মোটা টাকা দিয়ে কিনে নিয়েছিল বিজেপি। তাই নিয়ে বৃহস্পতিবার রাত থেকে তোলপাড় সোশ্যাল মিডিয়া। আর তাই নিয়ে এবার নিজের মতামত প্রকাশ্যে আনলেন জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত। তিনি লিখেছেন, “কোনো রাজনৈতিক দলের কাছ থেকে টাকা নিয়ে না কোনোদিন একটাও ভিডিও বানিয়েছি, না ভবিষ্যতেও কোনোদিন বানাবো। তোমরা আমাকে যেভাবে জায়গা দিয়েছো, তোমাদের সঙ্গে বেইমানি করব না। ফার্স্টবয়কে এটুকু বিশ্বাস করতেই পারেন।”
বিজেপির হয়ে প্রচারমূলক কনটেন্ট নিয়ে বিতর্ক
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা তথ্য সূত্রে জানা গিয়েছে, বিজেপির ফান্ড থেকে সায়ক চক্রবর্তীর অ্যাকাউন্টে প্রায় আড়াই লক্ষ টাকা এবং শমীক অধিকারীর অ্যাকাউন্টে প্রায় ১৩ লক্ষ টাকা পাঠানো হয়েছিল। যদিও এই তথ্যের সত্যতা যাচাই করেনি India Hood। তবে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল ননসেন শমীকের ‘বাটন’ নামের একটি ভিডিও। যেখানে তৃণমূল জমানার দুর্নীতি, মেয়েদের অত্যাচার এবং চাকরি দুর্নীতির চিত্র প্রকাশ্যে তোলা হয়েছিল। অনেকেই সেই নিয়ে কুর্নিশ জানিয়েছিল শমীককে। কিন্তু পরে শোনা যাচ্ছে সবই নাকি বিজেপির চাল ছিল।
আরও পড়ুন: দুর্গাপুরে তৃণমূলের সময় বন্ধ কারখানা খোলে বিজেপি আমলে, তবুও শ্রমিক বিক্ষোভ
অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে সায়ক চক্রবর্তীর গোমাংস কাণ্ড নিয়েও উত্তাল হয়ে উঠেছিল কলকাতা। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে জেল খাটতে হয়েছিল অলি পাবের এক ওয়েটারকে। কিন্তু সম্প্রতি ভাইরাল তথ্যসূত্রে জানা যাচ্ছে এর পিছনে বিজেপির চাল ছিল। আপাতত শমীক ও সায়ককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেছেন অনেকেই। চলছে কটাক্ষ, সমালোচনা, নিন্দে। তবে এখনো এ বিষয়ে মুখ খোলেনি এই দুই কনটেন্ট ক্রিয়েটর।










