পরিযায়ী শ্রমিকদের রোজগার গ্যারান্টি কার্ড দেওয়ার ঘোষণা সরকারের

Published:

Migrant Worker

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন সরকারের আমলে কর্মসূত্রে আর দরকার পড়বে না ভিনরাজ্যে যাওয়ার। রাজ্যে কর্মসংস্থান ফেরাতে উদ্যোগী শুভেন্দু অধিকারীর সরকার। এমনকি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের তরফ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, এবার বেছে বেছে পরিযায়ী শ্রমিকদের (Migrant Worker) বিশেষ গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড দেওয়া হবে। কী সুবিধা মিলবে এই কার্ডে?

কর্মসংস্থান ফেরাতে নয়া উদ্যোগ রাজ্যের

এবার প্রত্যেক পরিযায়ী শ্রমিক পরিবারকে এই বিশেষ রোজগার গ্যারান্টি কার্ড দেওয়া হবে। এমনকি ২৫ আগস্ট জেলাশাসক ও জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটরদের কাছে নির্দেশিকা পাঠিয়ে জানানো হয়েছে, যাঁরা এখনও পর্যন্ত এই কার্ড পাননি, তাঁদের যাতে দ্রুত বন্দোবস্ত হয় সেই ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করতে। সেক্ষেত্রে আবার রাজ্য সরকারের তরফ থেকে ১২৫ দিনের মজুরিভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এতে গ্রামের মানুষের জীবিকা আরও স্বনির্ভর হবে এবং ভিনরাজ্যে যাওয়ার প্রবণতা কমবে বলে মত রাজ্য সরকারের।

এমনকি গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা অদক্ষ শ্রমের কোনও কাজে আগ্রহী হলে বছরে মোট ১২৫ দিনের মজুরির কাজের নিশ্চয়তা পাবেন বলে জানানো হয়েছে। এতে আর কর্মসূত্রে বাইরের রাজ্যে যাওয়ার দরকার পড়বে না। এমনকি প্রতিটি জেলায় পরিযায়ী শ্রমিক পরিবার চিহ্নিত করে যাচাই-বাছাইয়ের তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকার। প্রতিটি জেলার জেলাশাসক এবং মহকুমা শাসককে এ বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পুজোর আগেই বাড়ল সিভিক ভলেন্টিয়ারদের ভাতা, কত বৃদ্ধি করল সরকার?

তবে যাঁদের এখনও পর্যন্ত কার্ড হয়নি, তাঁদের ক্ষেত্রে ১০০% কভারেজ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কার্ড পাওয়ার যোগ্য প্রাপ্তবয়স্ক সদস্যদের কাজের চাহিদা নথিভুক্ত করে আইন মেনে মজুরির কাজ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই বিতরিত কার্ডগুলোকে পুনরায় যাচাই করা হবে। রাজ্যের ১০০ শতাংশ পরিযায়ী শ্রমিক পরিবারগুলিকে এই প্রকল্পের আওতায় আনাই এখন রাজ্য সরকারের মূল উদ্দেশ্য।