সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য ও কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) এবার পোয়াবারো। তাঁদের মাসিক ভাতা অনেকটাই বাড়াল পশ্চিমবঙ্গ সরকার। এতদিন তাঁরা মাসে মাত্র ১০ হাজার টাকা করে বেতন পেতেন। তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী এবার তাঁদের মাসিক বেতন বেড়ে দাঁড়িয়েছে অনেকটাই। এমনকি ১ আগস্ট ২০২৬ থেকেই কার্যকর হচ্ছে এই বাড়তি বেতন। সেক্ষেত্রে রাজ্য এবং কলকাতা পুলিশের আওতায় নিয়মিত কাজ করা সিভিক ভলেন্টিয়াররা এই সুবিধা পাবেন। কত বাড়ল বেতন?
সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়াল রাজ্য সরকার
আজ স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ এস্টাবলিশমেন্ট শাখা থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের আওতায় নিয়মিত ভিত্তিতে নির্দিষ্ট বিরতিতে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের মাসিক সাম্মানিক বৃদ্ধির বিষয়টি বেশ কিছুদিন ধরেই দফতরের বিবেচনাধীন ছিল। বিষয়টি সতর্কতামূলক ভাবে বিবেচনা করে রাজ্যপাল পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের আওতায় নিয়মিত বিরতিতে নিযুক্ত স্বেচ্ছাসেবকদের মাসিক বেতন ২ হাজার টাকা করে বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই বর্ধিত বেতন ১ আগস্ট থেকেই কার্যকর হবে। ফলে এবার জনপ্রতি মাসিক বেতন ১০ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১২ হাজার টাকা। এমনকি সরকারের উল্লেখিত আগের নিয়ম বা শর্তগুলি
অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে। তবে পুজোর আগে এই বেতন বৃদ্ধির ঘোষণা যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য বাড়তি সুবিধা নিয়ে আসবে তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যে সরকারের পরিবর্তন হওয়ার পর সিভিক ভলেন্টিয়ারদের এই প্রথম বেতন বৃদ্ধি।

আরও পড়ুন: “দু’কান কাটা, ঘুষখোর” মুখ্যমন্ত্রীকে আক্রমণ অভিষেকের, পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
এদিকে এই বেতন বৃদ্ধির ফলে অতিরিক্ত খরচ সংশ্লিষ্ট খাত থেকে মেটানো হবে বলে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এই সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থ দফতরের সম্মতিও নেওয়া হয়েছে। উৎসবের মরশুমের আগে এই সামান্য ভাতা বৃদ্ধি রাজ্যে কর্মরত হাজার হাজার সিভিক ভলেন্টিয়ারদের জন্য যে খুশির খবর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।










