জলপাইগুড়িতে পলাতক তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়েকে গণধোলাই মহিলাদের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছাব্বিশের নির্বাচনে ভরাডুবির পরই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা-প্রাক্তন মন্ত্রীদের গোটা রাজ্যজুড়ে ডিম থেরাপির শিকার হতে হচ্ছে। রেহাই পাচ্ছেন না পরিবারের সদস্যরাও। নতুন করে এমনই এক ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ি (Jalpaiguri) । জানা যাচ্ছে, জলপাইগুড়ি জেলার দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়ে প্রণয়িতাকে একেবারে থানার সামনেই ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয়, পলাতক তৃণমূল নেতার মেয়েকে লক্ষ্য করে ডিম ছোঁড়া থেকে শুরু করে চুলের মুঠি ধরে ঘোরাতেও ছাড়লেন না বিজেপির মহিলা কর্মীরা।

তৃণমূল নেতার মেয়েকে গণধোলাই মহিলাদের

জানা গিয়েছে, তৃণমূলের ভরাডুবির পরই এলাকা ছেড়ে পালিয়েছেন জলপাইগুড়ির দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণ দাস। স্থানীয় সূত্রে খবর, গত সরকারের আমলে একাধিক দুর্নীতিতে নাম জড়িয়ে ছিল এই তৃণমূল নেতার। শুধু তাই নয়, জলপাইগুড়ির নানান প্রান্তে বিশেষ করে নিজের এলাকায় তোলাবাজির অভিযোগ রয়েছে কৃষ্ণর বিরুদ্ধে। ওদিকে তৃণমূল নেতার মেয়ে প্রণয়িতাও জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ।

সূত্রের খবর, রাজ্যে পালাবদলের পরই ভয়ে গা ঢাকা দিয়েছিলেন বাবা এবং মেয়ে দুজনেই। তৃণমূল নেতা পলাতক থাকলেও বৃহস্পতিবার, কৃষ্ণ দাসের মেয়ে জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকায় গাড়িতে করে যাওয়ার সময় তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সেখানেই উপস্থিত ছিলেন বিজেপির মহিলা কর্মীরাও।

জানা গিয়েছে, এদিন আদালতের নির্দেশে জলপাইগুড়ির কোতোয়ালী থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল নেতার মেয়েকে। সেই মতোই, থানায় পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। তৃণমূল নেতার মেয়ের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় কাঁচা ডিম। তাতে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।

অবশ্যই পড়ুন: এবার আর্জেন্টিনাকে শাস্তি দিচ্ছে FIFA!

এদিন বেশ কয়েকজন বিক্ষোভকারী প্রণয়িতার গাড়িতে ঘুষি মারতে থাকেন। এরই মাঝে পুলিশ সদস্যরা নিরাপত্তা বেষ্টনীতে তৃণমূল নেতার মেয়েকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁর চুলের মুঠি ধরে টানার অভিযোগ উঠেছে বিজেপির মহিলা কর্মীদের বিরুদ্ধে। একই সাথে পুলিশের কাছ থেকে টেনে হিঁচড়ে তৃণমূল নেতার মেয়েকে মারধরেরও অভিযোগ উঠেছে বিজেপির স্থানীয় মহিলা কর্মীদের বিরুদ্ধে। যদিও পরবর্তীতে পুলিশ কর্মীরা কোনও মতে প্রণয়িতাকে সেখান থেকে উদ্ধার করে থানার ভেতরে নিয়ে যান।