হেলিকপ্টার দেখতে গিয়ে চুরি গেল টোটো! পাণ্ডুয়ায় অভিষেক সভায় অবাক কাণ্ড

Published:

Pandua

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে গোনা আর মাত্র ২ দিন, তারপরেই শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই তুমুল উত্তেজনা তৈরি হয়েছে এলাকা জুড়ে। দিকে দিকে জনসংযোগ বৃদ্ধির জন্য সভা করে চলেছে মমতা অভিষেক মোদি। এমতাবস্থায় অভিষেকের (Abhishek Banerjee) পাণ্ডুয়ার (Pandua) সভায় নিরাপত্তা নিয়ে বড়সড় গাফিলতির অভিযোগ উঠে এল। চোখের সামনে একবার অভিষেকের হেলিকপ্টার দেখতে গিয়েই চুরি গেল এক টোটো (Toto Theft)। তদন্তে নামল পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

রিপোর্ট মোতাবেক, গত শনিবার, হুগলির পাণ্ডুয়াতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী প্রচার সভায় এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা জুড়ে লোকের ভিড় যেন উপচে পড়েছিল, আর তখনই শুরু গেল এক টোটো। অভিযোগ আশিষ হাওলাদার নামের এক চালক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দেখবার জন্য এবং তাঁর হেলিকপ্টার দেখার জন্য সভাস্থলের মূল গেটের পাশে টোটো দাঁড় করিয়ে রেখে দিয়েছিলেন। কিছুক্ষণ সভায় থাকার পর বাইরে বেরিয়ে দেখেন তিনি টোটোটি নেই। সঙ্গে সঙ্গে সভায় কর্তব্যরত পুলিশ কর্মীদের গোটা ঘটনাটি জানানো হলে তাঁরা থানায় অভিযোগ দায়ের করতে বলেন।

অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম ছিল এই টোটো

জানা গিয়েছে, গত শনিবার সন্ধ্যায় টোটো চালক আশিষ হাওলাদার টোটো চুরির ঘটনাকে কেন্দ্র করে পাণ্ডুয়া থানায় ডায়রি করেন। চুরির ঘটনায় রীতিমত ভেঙে পড়েছেন আশিষ। তাঁর কাকা গৌতম হাওলাদার জানিয়েছেন আশিষ খুবই দরিদ্র পরিবারের ছেলে। এই টোটোই ছিল তাঁর অর্থ উপার্জনের অন্যতম এক সম্বল। প্রায় ৬ মাস আগেই নাকি তিনি এই টোটো কিস্তিতে কিনেছিলেন। এখনও সেই টাকা দিয়ে চলেছেন আশিষ। পরিবারের দাবি পুলিশ যেন শীঘ্রই তদন্তের ভিত্তিতে টোটোটি উদ্ধার করে। ঘটনায় বিরোধীরা স্বাভাবিকভাবেই পুলিশ নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগ তুলছে।

আরও পড়ুন: ওড়িশার উপকূলে ৪ লেনের করিডোর, আরও কম সময়ে হাওড়া-চেন্নাই! বড় প্ল্যান রেলের

পাণ্ডুয়া থানায় পুলিশের তরফে জানানো হয়েছে, শীঘ্রই টোটো চুরির ঘটনা তদন্ত করা হতে চলেছে। ইতিমধ্যেই সবার আশেপাশে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও টোটো চালক আশিষ হাওলাদারের সঙ্গেও নানা রকম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুদিন আগেই বিজেপির একটি জনসভায় প্রায় সাড়ে চারশো কর্মীর মোবাইল চুরির অভিযোগ উঠে এসেছিল আসানসোলে। এমনকি মোবাইল উদ্ধারের দাবিতে হিরাপুর থানার সামনে বিক্ষোভ মিছিলে বসেছিল বিজেপি কর্মীরা।