সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল বড় খবর। আপনিও কি এই শীতে ট্রেনে করে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে টিকিট কাটার আগে আজকের প্রতিবেদনটি ঝটপট পড়ে ফেলুন। নতুন করে একগুচ্ছ ট্রেন বাতিল (Train Cancelled) করল দক্ষিণ পূর্ব রেলওয়ে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। শীতের মরসুমে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে রেল (South Eastern Railways)। এই নিয়ে একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন? চলুন জেনে নিই।
একগুচ্ছ ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল
জানা গিয়েছে, কুয়াশার আশঙ্কায় দক্ষিণ পূর্ব রেল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চারটি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেনগুলি এমন সব এলাকার মধ্যে দিয়ে যায় যেখানে ঘন কুয়াশা ট্রেন চলাচলের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করে। নিরাপদ ট্রেন চলাচল ও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে দক্ষিণ পূর্ব রেল নির্দিষ্ট এই সময়ের জন্য সাঁতরাগাছি-আনন্দ বিহার ও টাটা-অমৃতসর রুটের চারটি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তি জারি রেলের
যাত্রীদের সময়মতো ও সঠিক তথ্য দেওয়ার জন্য দক্ষিণ পূর্ব রেল এই বিজ্ঞপ্তি জারি করেছে। টাটানগর ও অমৃতসরের মধ্যে যাত্রীর সংখ্যা বেশি হওয়ায়, এই দুই রুটে যাতায়াতকারী যাত্রীরা অসুবিধার সম্মুখীন হতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে জেনে নিন কোন কোন ট্রেন কবে এবং কতদিন অবধি বাতিল থাকবে।
#trainregulation #SouthEasternRailway #SER #IndianRailways pic.twitter.com/eBgzNzccvX
— South Eastern Railway (@serailwaykol) September 29, 2026
১) ২২৮৫৭ সাঁতরাগাছি – আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস আগামী ৭ ডিসেম্বর, ২০২৬ থেকে ২২ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত বাতিল থাকবে।
২) ২২৮৫৮ আনন্দ বিহার টার্মিনাল – সাঁতরাগাছি এক্সপ্রেস আগামী ৮ ডিসেম্বর, ২০২৬ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত বাতিল থাকবে।
৩) ১৮১০৩ টাটানগর-অমৃতসর এক্সপ্রেস আগামী ২ ডিসেম্বর ২০২৬ থেকে ২৪ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত বাতিল থাকবে।
৪) ১৮১০৪ অমৃতসর-টাটানগর এক্সপ্রেস আগামী ৪ ডিসেম্বর ২০২৬ থেকে ২৬ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত বাতিল থাকবে বলে জানিয়েছে রেল।










