সৌভিক মুখার্জী, কলকাতা: ফের আটক তৃণমূলের (Trinamool Congress) এক মুখপাত্র। সূত্রের খবর, বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার করা হয়েছে জয়প্রকাশ মজুমদারকে (Joyprakash Majumdar)। ১৪ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে এক মহিলার বাড়ি দখল করে রেখেছিলেন তিনি। এমনকি মহিলাকে প্রকাশ্যে হুমকি দেওয়া হতো। আর ভাড়া চাইতে গেলেই অকথ্য ভাষায় গালিগালাজ করা হতো বলে অভিযোগ স্থানীয়দের। অবশেষে বিধাননগর থানার পুলিশ গ্রেফতার করল এই দাপুটে নেতাকে।
বাড়ি দখল করে থাকার অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, ১৪ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে শুধুমাত্র জোরপূর্বক ভাবে আরতী রায়চৌধুরী নামে ওই মহিলার বাড়ি দখল করে রেখেছিল জয়প্রকাশ মজুমদার। এমনকি তাঁকে প্রকাশ্যে হুমকি দেওয়া হতো। বাড়ির মালিকের স্বামীও মারা গিয়েছেন। তারপরও ওই বাড়িতে গেলে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এক বাসিন্দা। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি বাড়ি খালি করেননি।
তবে রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই বাড়ির মালিকের পরিবারের সদস্য়দের পাশাপাশি এলাকার বাসিন্দারা তাঁর উপর ক্ষোভে ফেটে পড়েন। এদিন রাস্তাতেই জয়প্রকাশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন মালিকের পরিবারে সদস্যরা, এবং তাঁকে তালা খুলে দিতে অনুরোধ করা হয়। আরতী দেবীর মেয়ে স্পষ্ট বলেন যে, ১৪ বছর ধরে বাড়িতে থাকতে না পারার কারণে এদিক ওদিক ভাড়া বাড়ি নিয়ে থাকতে হয়েছে। সেই কারণে আজ প্রকাশ্য রাস্তায় তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আরতি রায়চৌধুরীর পরিবারের লোক।
আরও পড়ুন: শেষ তৃণমূল কংগ্রেস? ঋতব্রত কাণ্ডের পর ভেঙে দেওয়া হল দলের সব কমিটি
উত্তেজনা খবর পেয়ে দ্রুত বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এরপর মালিক আরতি দেবী পুলিশের সঙ্গে থানায় যান এবং তিনি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। এমনকি তাঁর বিরুদ্ধে বাড়ির মালিককে হুমকি, শ্লীলতাহানিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাঁকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে। দোষীর কড়া শাস্তির দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা।










