কলেজ পড়ুয়া অবিবাহিত মহিলাদের দেওয়া হবে ৫০ হাজার টাকা, বাজেটে বড় ঘোষণা

Published:

West Bengal Budget 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পতরু সরকারের বাজেটে কল্পতরুর রাজ্যবাসী (West Bengal Budget 2026)! কলেজে পড়লেই মিলবে ৫০,০০০ টাকা। মহিলাদের জন্য এবার বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। যে বাজেটকে ঘিরে রাজ্যবাসীর এতদিনের প্রত্যাশা ছিল, এই সমস্ত আশা পূর্ণ করেছে রাজ্য সরকার। সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে শিক্ষকদের বেতন বৃদ্ধি, ডিএ বৃদ্ধি, এমনকি বেকার ভাতা বা মহিলাদের সুরক্ষা সহ একাধিক ঘোষণা করা হয়েছে আজকের বাজেটে। আর তারই মধ্যে ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হল।

কলেজে পড়লেই মিলবে ৫০,০০০ টাকা

এদিন দুপুর ১২ টায় রাজ্যের বিধানসভায় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ২০২৬-২৭ অর্থবছরের পূর্ণাঙ্গ বাজেট এটি। তবে এই বাজেট পেশের সময় মহিলাদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি জানান, ঝাড়গ্রামে একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। যার জন্য বছরে ১০ কোটি টাকা বরাদ্দ করা হবে। আর উচ্চশিক্ষার জন্য পঠরত অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমানোর জন্য সরকার এবং সরকার পোষিত কলেজে স্নাতকে ভর্তির সময় একটি নতুন প্রকল্প চালু করা হবে। সেই প্রকল্পের আওতায় ওই কলেজগুলিকে অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা করা হবে। এর জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

সরকারের স্পষ্ট দাবি, উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়ানো বাড়ানো এবং আর্থিক কারণে যাতে পড়াশোনা বন্ধ না হয়ে যায়, সেই প্রবণতা রুখার জন্য এই পদক্ষেপ। এমনকি বাজেট ঘোষণার পর থেকে ছাত্রছাত্রী এবং অভিভাবকের অভিভাবকদের মধ্যে এ নিয়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারগুলির ছাত্রীরা এতে ব্যাপক উপকৃত হবে বলেই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: উদ্ধব ঠাকরের শিবসেনায় এবার বড় ধাক্কা! শিন্ডে শিবিরে যোগ দিচ্ছেন ৬ বিদ্রোহী সাংসদ

তবে শুধুমাত্র ছাত্রীদের জন্য নয়, বরং এবারের বাজেটে একাধিক ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য এবং সমাজকল্যাণ খাতেও বড় ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন এবং ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসা আশা কর্মী এবং আইসিডিএস কর্মীদের ৫০০০ টাকা করে বেতন বাড়ানো হয়েছে। তাছাড়া বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসিক পেনশন বাড়ানো হয়েছে ৫০০ টাকা। আর সবথেকে বড় ব্যাপার, গর্ভবতী মহিলাদেরকে এককালীন ২১ হাজার টাকা সহায়তা করা হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে।