প্রীতি পোদ্দার, কলকাতা: শিক্ষক দিবসের দিন বারুইপুরে (Baruipur) ঘটল এক চরম লজ্জাজনক ঘটনা, জঙ্গল-ঝোপে পড়ে থাকতে দেখা গেল স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি (Vidyasagar Statue)। অভিযোগ নিয়ে শোরগোল শুরু হতেই কাঠগড়ায় তোলা হল বারুইপুর পুরসভাকে। কে বা কারা বিদ্যাসাগরের মূর্তি (Vidyasagar Statue) ভাঙচুর করল, কেনই বা করল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, শনিবার, বারুইপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর শিশু উদ্যানের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটি আগাছা আর ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ, নির্দিষ্ট বেদি থেকে মূর্তিটি সরিয়ে পাশের ঝোপে ফেলে রাখা হয়েছে, শিক্ষক দিবসের সকালে বিষয়টি সামনে আসতেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনাস্থলের সামনেই রয়েছে মহকুমা শাসকের দফতর, পুরসভা। অথচ মূর্তি বেদি থেকে সরিয়ে ঝোপের মধ্যে পড়ে থাকলেও এত দিন তা কর্তৃপক্ষের নজরে কেন আসল না তাই নিয়ে উঠছে প্রশ্ন।
ক্ষোভ প্রকাশ স্থানীয়দের
স্থানীয়দের দাবি, ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর ওই বিদ্যাসাগর শিশু উদ্যানে মূর্তিটির উদ্বোধন হয়েছিল. তৎকালীন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোজাফফর আহমেদ মূর্তিটির উদ্বোধন করেছিলেন। মূলত শিশুদের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরির পাশাপাশি বাংলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ ও সমাজ সংস্কারকের স্মৃতিকে সম্মান জানাতেই পার্কে এই মূর্তিটি বসানো হয়েছিল। কিন্তু বর্তমানে এই লজ্জাজনক পরিণতি দেখে ক্ষোভ জন্মেছে স্থানীয়দের মধ্যে। তাঁদের দাবি, অবিলম্বে মূর্তিটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর যথাযথ পুনঃস্থাপন করতে হবে।
যথাযথ তদন্তের দাবি স্থানীয়দের
শিক্ষক দিবসের দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটি ঝোপঝাড়ে পড়ে থাকা নিয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। কীভাবে মূর্তিটি পার্ক থেকে সরিয়ে ঝোপের মধ্যে পৌঁছল এবং এর পিছনে কারা জড়িত, সবটাই খতিয়ে দেখার দাবি উঠেছে। এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যেখানে আজকের দিনে স্কুল-কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানেই দিনটি নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় সেখানে বিদ্যাসাগরের মূর্তির এই অবহেলার চিত্র নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: অসামাজিক কার্যকলাপ রুখতে গিয়ে আক্রান্ত, যাদবপুরে দুই বিজেপি কর্মীকে ব্যাপক মারধর
এর আগে ২০১৯ সালের মে মাসে অমিত শাহর রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের একটি মূর্তি ভাঙা নিয়ে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড শুরু হয়েছিল। পড়ুয়ারা অভিযোগ করেন যে, অমিত শাহর বিরুদ্ধে স্লোগান ওঠায় মেজাজ হারিয়ে বিজেপি সমর্থকরাই এই ঘটনা ঘটান। যদিও ওই কলেজের কোনও সিসিটিভি ফুটেজ হাতে আসেনি। তবে বাংলার ঐতিহ্য নষ্ট হয়েছে বলে বিজেপিকেই কাঠগড়ায় তুলেছিল তৃণমূল। কিন্তু সেইসময় বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছিল। আজ বিজেপি পুনরায় ক্ষমতায় আসার পর পুনরায় একই ঘটনা ঘটল।










