বদলে গেল পুজোর ছুটির দিন, নয়া বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের

Published:

cm nabanna notice

আনিষা চৌধুরী, কলকাতা: সম্প্রতি বিশ্বকর্মা পুজোর ছুটির দিন নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। ১৪ সেপ্টেম্বর রাজ্য সরকারের অর্থ দফতরের অডিট শাখা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বকর্মা পুজো উপলক্ষে ১৮ সেপ্টেম্বর, শুক্রবার সরকারি ছুটি (Holiday) থাকবে। এর আগে একইভাবে ২০২৫ সালের ২৭ নভেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেখানে ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজোর ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু চলতি বছর বিশ্বকর্মা পুজোর ছুটি ১৮ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

কোথায় কোথায় এই ছুটি ধার্য হবে?

রাজ্যপালের অনুমোদন নিয়েই ১৮ সেপ্টেম্বর, শুক্রবারকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্য সরকারের ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে ওই দিন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে ছুটির আওতায় কোন কোন প্রতিষ্ঠানগুলিকে রাখা হবে, সেই বিষয়েও বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

সরকারি নির্দেশ অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর রাজ্য সরকারের অফিস, স্থানীয় প্রশাসনের বিভিন্ন সংস্থা, স্ট্যাটুটরি বডি, বোর্ড, কর্পোরেশন এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন বা মালিকানাধীন সংস্থাগুলি বন্ধ থাকবে। পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য অফিস ও প্রতিষ্ঠানও ওই দিন বন্ধ রাখার কথা জানানো হয়েছে। অর্থাৎ শুধুমাত্র সরকারি দফতর নয়, বিজ্ঞপ্তিতে উল্লেখিত একাধিক সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানও ছুটি থাকবে।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের

অর্থ দফতরের এই বিজ্ঞপ্তিটি রাজ্যের বিভিন্ন প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। পাশাপাশি নিয়ন্ত্রকের দফতর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মহকুমা প্রশাসন, ট্রেজারি অফিস এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস-সহ একাধিক কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হয়েছে। অর্থ দফতরের ওয়েবসাইটেও এই নির্দেশিকা আপলোড করা হয়েছে।