কৃষি দুধকুমার, অর্থ স্বপন দাশগুপ্ত! শিল্প কার হাতে? দেখুন শুভেন্দু সরকারের মন্ত্রিসভার লিস্ট

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে কাটল জল্পনার অবসান, রাজ্যের নবনির্বাচিত মন্ত্রীদের দপ্তর বণ্টন সম্পন্ন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার নবান্নে (Nabanna) দীর্ঘ বৈঠকের পর কোন মন্ত্রীকে কোন দপ্তর (West Bengal Cabinet) দেওয়া হবে, সেটা চূড়ান্ত করেন মুখ্যমন্ত্রী। গত ১ জুন লোকভবনে শপথ নিয়েছিলেন ৩৫ জন মন্ত্রী। তারপর গত এক সপ্তাহ কে কোন দপ্তর পাবেন, তাই নিয়েই জল্পনা ছিল। অবশেষে সেই কাজ সম্পন্ন হল। তবে, সরকারিভাবে এখনও বিজ্ঞপ্তি জারি না হলেও, আজ সেই ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর

প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, এবার নতুন ও পুরোনো মুখের ভারসাম্য রেখেই মন্ত্রিসভা তৈরি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিজে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর নিজের হাতে রেখেছেন। এছাড়াও একাধিক দফতরের দায়িত্ব সামলাচ্ছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামানিক, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত স্বরাষ্ট্র, অর্থ, দফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার এবং তথ্য ও সংস্কৃতি সহ গুরুত্বপূর্ণ একাধিক দফতর। তবে এবার বাকি ৩৫ জনের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়ার পালা। আশা করা যাচ্ছে আজই সরকারিভাবে ঘোষণা করা হবে রাজ্যের মন্ত্রিসভায় কার হাতে কোন দায়িত্ব থাকছে।

কে কোন দপ্তরের মন্ত্রী?

সম্ভাব্য তালিকা অনুযায়ী জানা গিয়েছে, অর্থ দপ্তরের দায়িত্ব পেতে পারেন স্বপন দাশগুপ্ত, বর্ষীয়ান বিধায়ক তাপস রায় পেতে পারেন শিল্প ও বাণিজ্য দপ্তর। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পেতে পারেন ডা. শারদ্বত মুখোপাধ্যায়। পরিবহণ ও শ্রম দপ্তরের দায়িত্ব পেতে পারেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং এবং কৃষি দপ্তরের গুরুভার পেতে পারেন দুধকুমার মণ্ডল। রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দুটি দপ্তর হতে পারে। যার মধ্যে নতুন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বে সামলাবেন সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুলশিক্ষার দায়িত্ব সামলাবেন দীপক বর্মণ।

আরও পড়ুন: শিলিগুড়ি-NJP রুটে ডাবল লাইন, ‘চিকেনস নেক’-এ মোটা বরাদ্দ রেলের

জানা গিয়েছে, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও হতে পারেন রাজ্যের পর্যটন মন্ত্রী এবং বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী হচ্ছেন মনোজ ওঁরাও। তবে সবটাই সরকারিভাবে ঘোষণা হতে পারে আজ। উল্লেখ্য গত ৯ মে, প্রথম দফায় ৬ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। সেই অনুযায়ী দিলীপ ঘোষ সামলাচ্ছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণিসম্পদ বিকাশের দায়িত্ব, অগ্নিমিত্রা পাল সামলাচ্ছেন পুর ও নগরোন্নয়ন, নারী ও শিশু কল্যাণ দফতর। এছাড়াও নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব, অশোক কীর্তনিয়া খাদ্য ও সরবরাহ, সমবায় দফতরের দায়িত্ব এবং ক্ষুদিরাম টুডু অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্ব পালন করছেন।