এখনও চলছে তাপপ্রবাহ! গরমের ছুটি শেষ হলেও স্কুল নিয়ে ফের নয়া নির্দেশ শিক্ষা দফতরের

Published:

Summer Vacation

সহেলি মিত্র, কলকাতাঃ জাঁকিয়ে গরম পড়তে না পড়তেই বাংলায় বর্ষা ঢুকে গেল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু অংশে এবং উত্তরবঙ্গের কিছু অংশে বর্ষার আগমন হয়ে গিয়েছে ইতিমধ্যে। তবে গরম কিন্তু খুব একটা কমেনি। এখনও সকাল, বিকেল বাড়ি থেকে বেরোলেই কালঘাম ছুটে যাচ্ছে সকলের। এহেন পরিস্থিতি স্কুলের পঠনপাঠন নিয়ে আবারও সিদ্ধান্ত নিল সরকার। কদিন আগেই স্কুলে শেষ হয়েছে গরমের ছুটি (Summer Vacation), আর এরই মধ্যে রাজ্য স্কুল শিক্ষা বিভাগ তাপপ্রবাহ (Heat wave) রয়েছে এমন জেলাগুলির স্কুলগুলিতে ৩০শে জুন পর্যন্ত সকালের ক্লাস চালানোর মেয়াদ বৃদ্ধি করল।

মর্নিং স্কুলের মেয়াদ বৃদ্ধি করল স্কুল শিক্ষা দফতর

সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা দফতর জেলা স্কুল পরিদর্শকদের তাদের এখতিয়ারভুক্ত প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় পরিস্থিতির ভিত্তিতে সময় নির্ধারণের অনুমতি দিতে বলেছে। নতুন শিক্ষাবর্ষ পুনরায় চালুর পর বেশ কয়েকটি জেলায় উচ্চ তাপমাত্রার খবর পাওয়ায়, শিক্ষা দফতরের তরফে ১ জুনের আদেশে স্কুলগুলোকে দুই সপ্তাহের জন্য সকালের সময়সূচিতে ক্লাস চালুর অনুমতি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই এই সময়সীমা বাড়ানো হলো। স্কুলগুলোকে নিশ্চিত করতে বলা হয়েছে যে, এই পরিবর্তিত সময়সূচি যেন শিক্ষা কার্যক্রমকে কোনওভাবে প্রভাবিত না করে।

আরও পড়ুনঃ স্মার্ট মিটারে রিচার্জ শেষ হলেও হুট করে বন্ধ করা যাবে না বিদ্যুৎ! রয়েছে নির্দিষ্ট সময়, জানুন

জেলা পরিদর্শকদেরকে সিদ্ধান্তটি আগে থেকেই প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের সময়সূচী সমন্বয় করতে পারেন। তবে এই নির্দেশিকা কিন্তু সব স্কুলের নয়। এই নির্দেশিকাটি পার্বত্য এলাকা ব্যতীত সকল জেলার জন্য প্রযোজ্য এবং আগামী ৩০শে জুন পর্যন্ত কার্যকর থাকবে।

কী বলছে শিক্ষা দফতর?

আগামী দিনে কি স্কুলে ছুটির মেয়াদ বা মর্নিং ক্লাসের মেয়াদ বৃদ্ধি করা হবে? এই প্রসঙ্গে স্কুল শিক্ষা দফতরের এক কর্তা জানান, এমনিতেই গরমের ছুটি কিছুটা বাড়ানো হয়েছিল। ফলে আবার ছুটি বাড়ালে পঠনপাঠনের উপর প্রভাব পড়তে পারে। তাই আপাতত সকালে স্কুলের অনুমতি দেওয়া হয়েছে। তবে এই গোটা প্রক্রিয়ার উপরে নজর রাখার জন্য সংশ্লিষ্ট এসআই-দের দায়িত্ব দেওয়া হয়েছে।