সহেলি মিত্র, কলকাতা: বাংলার শিক্ষা ব্যবস্থায় আসতে চলেছে বড় পরিবর্তন। পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষায় প্রযুক্তিনির্ভরতা ও স্বচ্ছতা বাড়াতে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবার সমস্ত পড়ুয়ার জন্য APAAR ID চালুর উদ্যোগ নিয়েছে। ‘One Nation, One Student ID’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পড়ুয়াদের এই ১২ সংখ্যার ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলায় এবার APAAR ID বাধ্যতামূলক
APAAR ID-এর মাধ্যমে একজন শিক্ষার্থীর মার্কশিট, অ্যাকাডেমিক রেকর্ড, প্রশংসাপত্র ও ডিগ্রির মতো গুরুত্বপূর্ণ নথি ডিজিটালভাবে সংরক্ষণ করা যাবে। ফলে পড়াশোনার যাবতীয় তথ্য এক জায়গায় সুরক্ষিতভাবে রাখার সুবিধা মিলবে। এদিকে এই মেগা কর্মসূচি বাস্তবায়নে জেলা শিক্ষা আধিকারিকদের বিশেষ কর্মশালা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে অভিভাবকদের লিখিত সম্মতি ছাড়া কোনও পড়ুয়ার APAAR ID তৈরি করা যাবে না। এজন্য প্রতিটি স্কুলে ‘Parental Consent Form’ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দুই দিনের কর্মশালায় প্রতিটি জেলা থেকে একজন নোডাল শিক্ষক ও একজন MIS কো-অর্ডিনেটরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসূচি বাস্তবায়নের মূল দায়িত্ব থাকবে তাঁদের উপর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের চূড়ান্ত SOP অনুমোদিত হলেই তা প্রতিটি জেলায় পাঠানো হবে।
১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে কাজ
প্রাথমিক পর্যায়ে প্রতিটি জেলায় অন্তত দুটি স্কুল ও দুটি ভিন্ন শ্রেণির পড়ুয়া-অভিভাবককে নিয়ে (ন্যূনতম ৬০ জন) পরীক্ষামূলক এনরোলমেন্ট ক্যাম্প করা হবে। সোমবার থেকেই সার্কেলভিত্তিক ক্যাম্প শুরু হবে। নির্বাচিত দুটি স্কুলে নোডাল শিক্ষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রতিদিন অন্তত ৫০ জন পড়ুয়ার নাম নথিভুক্তির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
আরও পড়ুনঃ স্কুল পড়ুয়াদের ১৫ লক্ষ টাকা অবধি স্কলারশিপ দিচ্ছে SBI, যোগ্যতা ও আবেদনের পদ্ধতি কী?
আগামী ১০ সেপ্টেম্বর থেকে রাজ্যের সব স্কুলে একযোগে এই প্রক্রিয়া চালুর নির্দেশ দেওয়া হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে জেলা শিক্ষা আধিকারিকেরা প্রতিদিন অনলাইনে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। স্কুলের প্রাথমিক তালিকা প্রথমে সার্কেল স্তর হয়ে জেলা শিক্ষা দফতরে জমা পড়বে।










