সহেলি মিত্র, কলকাতা: আর টাকার অভাবে আপনার সন্তানের পড়াশোনা আটকাবে না। এর কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এমন এক স্কলারশিপ (SBI Scholarship 2026) আনা হয়েছে যা সকলের মুশকিল আসান করবে বৈকি। আজ কথা হচ্ছে এসবিআই প্লাটিনাম জুবিলি আশা স্কলারশিপ ২০২৬-২৭ নিয়ে। যারা স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি যারা এমবিবিএস, আইআইটি, আইআইএম এবং বিদেশে পড়ার স্বপ্ন দেখে অথচ আর্থিক অনটন রয়েছে তাঁদের জন্য এই স্কিম আশীর্বাদের থেকে কম কিছু নয়।
দারুণ স্কলারশিপ প্রোগ্রাম আনল SBI
এসবিআই ফাউন্ডেশন আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের জন্য ১৫ টাকা পর্যন্ত মূল্যের স্কলারশিপ দিচ্ছে। যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট sbiashascholarship.co.in-এ অনলাইন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শীঘ্রই শেষ হতে চলেছে। এই স্কলারশিপের আওতায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের বার্ষিক ১৫,০০০ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হবে। আবেদনের শেষ তারিখ আসন্ন।
এসবিআই প্ল্যাটিনাম জুবিলি আশা স্কলারশিপ ২০২৬-২৭ স্কুল শিক্ষার্থী, স্নাতক, স্নাতকোত্তর, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্টের শিক্ষার্থী এবং বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা পাওয়ার একটি দারুণ সুযোগ। প্রতিটি শিক্ষার্থী তাদের মেধার উপর ভিত্তি করে কত টাকা পাবে তা জেনে নিন। কী কী যোগ্যতা প্রয়োজন? কী কী কাগজপত্র লাগবে? সবটাই আলোচনা করা হবে।
কোন পড়ুয়া কত টাকা পাবে?
নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা বছরে সর্বোচ্চ ১৫,০০০ টাকা বৃত্তি পেতে পারে। এজন্য আগের শ্রেণিতে ৭৫% নম্বর বা ৭.৫ CGPA প্রয়োজন এবং পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষের টাকার মধ্যে হতে হবে। SC/ST পড়ুয়াদের জন্য ন্যূনতম ৬৫% এবং PwBD পড়ুয়াদের জন্য ৬০% নম্বর প্রয়োজন। স্নাতক পড়ুয়ারা ৭৫,০০০ এবং স্নাতকোত্তর পড়ুয়ারা ১.৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে NIRF-এর শীর্ষ ৩০০-র মধ্যে বা NAAC ‘A’ কিংবা তার বেশি গ্রেডপ্রাপ্ত হতে হবে এবং পরিবারের আয় ৬ লক্ষ টাকার মধ্যে থাকা প্রয়োজন।
MBBS পড়ুয়াদের ২ লক্ষ টাকা, IIT পড়ুয়ারা ২ লক্ষ টাকা এবং IIM-এ MBA/PGDM পড়ুয়ারা ৫ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারে। MBBS-এর ক্ষেত্রে AIIMS বা NIRF-এর শীর্ষ ৫০ মেডিকেল কলেজে পড়াশোনা এবং বৈধ NEET স্কোর প্রয়োজন। IIT-এর জন্য বৈধ JEE Advanced এবং IIM-এর ক্ষেত্রে CAT যোগ্যতা থাকা আবশ্যক।
আরও পড়ুনঃ পুজোর আগেই ডিএ বেড়ে হতে পারে ৬৪%? সরকারি কর্মীদের জন্য বড় আপডেট
বিদেশে পড়াশোনার জন্য ভারতীয় শিক্ষার্থীরা সর্বোচ্চ ১৫ লক্ষ বৃত্তি পেতে পারে। QS Top 200 বিশ্ববিদ্যালয়ে ভর্তি, পরিবারের আয় ৬ লক্ষের মধ্যে এবং GRE, GMAT, MCAT, LNAT বা LSAT-এর বৈধ স্কোর দরকার লাগবে।
আবেদনের প্রক্রিয়া
অফিসিয়াল SBI Asha Scholarship পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করে নিজের বিভাগ বেছে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর মার্কশিট, পরিচয়পত্র, আয়ের প্রমাণ, ব্যাঙ্ক পাসবুক, ভর্তি/বোনাফাইড প্রুফ ও ফি-সংক্রান্ত নথি আপলোড করতে হবে। প্রয়োজন অনুযায়ী জাতিগত বা প্রতিবন্ধী শংসাপত্র, প্রবেশিকা পরীক্ষার স্কোরকার্ড কিংবা অফার লেটারও দিতে হতে পারে। আবেদন জমা দেওয়ার পর তা আর পরিবর্তন করা যাবে না। নথি যাচাই ও ফোন ইন্টারভিউয়ের পর চূড়ান্ত নির্বাচন করা হবে।










