অনন্যা সরকার, কলকাতা: সোমবার রাজ্যে পেশ হল নবগঠিত বিজেপি সরকারের প্রথম বাজেট (West Bengal Budget 2026)। রাজ্য বাজেটে একাধিক ক্ষেত্রে বড় ঘোষণা করেছে রাজ্য সরকার, তার মধ্যে অন্যতম হলো নির্মাণ ক্ষেত্র। সেতু ও রাস্তা তৈরি থেকে শুরু করে নদী বন্দর – প্রতিটি ক্ষেত্রেই অর্থ বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে চারটি নতুন বিমানবন্দর (Airport) নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। কোথায় কোথায় তৈরি হবে এই বিমানবন্দরগুলি, আসুন জেনে নেওয়া যাক।
রাজ্যের চার জেলা পাবে নতুন বিমানবন্দর
বর্তমানে পশ্চিমবঙ্গে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য দুটি বিমানবন্দর রয়েছে – নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর। রাজ্যের উত্তর ও দক্ষিণ প্রান্তের এই দুই বিমানবন্দর থেকে দেশে-বিদেশে যাতায়াত করেন রাজ্যবাসী। তবে বাগডোগরা থেকে সব জায়গার যাওয়ার বিমান খুব একটা পাওয়া যায় না। তবে রাজ্য বাজেটে চারটি জেলায় নতুন বিমানবন্দর তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, আঞ্চলিক পর্যটনের উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাশাপাশি বিমানবন্দরগুলি প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থাও উন্নত করবে।
কেন্দ্রীয় সরকারের উড়ান স্কিমের অধীনে এই বিমানবন্দরগুলি নির্মিত হবে। মালদহ, পুরুলিয়া ও বালুরঘাটে তিনটি নতুন এয়ারপোর্ট এবং কোচবিহারে যে এয়ারপোর্টটি রয়েছে সেটিকে বর্ধিত করা হবে জানানো হয়েছে। নির্মানকার্যের জন্য ২০২৬ অর্থবর্ষে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এছাড়া, কলকাতা বিমানবন্দরের যাত্রীদের ভিড় দিনদিন বেড়েই চলেছে, তাই কল্যাণীতে দ্বিতীয় বিমানবন্দর (Kalyani Airport) বানানো হবে বলে স্থির করা হয়েছে। অর্থমন্ত্রী জানান কল্যাণী বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকারের তরফে ১০ হাজার থেকে ১৫ হাজার একর জমি চিহ্নিত করা হবে। এই জমির ওপরেই গড়ে উঠবে দ্বিতীয় বিমানবন্দর।










