গাড়ি কেনার আগেই পার্কিংয়ের ব্যবস্থা করে রাখুন! কড়া নীতি আনতে চলেছে রাজ্য সরকার

Published:

Parking Rules

অনন্যা সরকার, কলকাতা: কলকাতা শহরের গাড়ি মালিকদের জন্য এবার সরকারের কড়া পদক্ষেপ। যদি আপনি কলকাতার বাসিন্দা হন এবং আপনার গাড়ি রয়েছে বা সম্প্রতি কেনার পরিকল্পনা করছেন, তাহলে এখুনি গাড়ি পার্কিংয়ের একটা পাকাপাকি ব্যবস্থা করে নিন। নাহলে গুনতে হবে মোটা টাকা জরিমানা। ১ সেপ্টেম্বর থেকে শহরের রাস্তায় বেআইনি পার্কিং (Illegal Parking) রুখতে রাজ্য সরকার আনতে চলেছে নয়া নিয়ম (Parking Rules)। কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, আসুন জেনে নেওয়া যাক। 

এবার ভুল জায়গায় পার্কিং করলেই কড়া পদক্ষেপ নেবে সরকার

কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার বেশিরভাগ রাস্তায় বেআইনি পার্কিংয়ের জেরে রাস্তার বেশিরভাগ অংশই দখল করে নেয় বেআইনিভাবে পার্ক করা গাড়িগুলি। এর ফলে রাস্তায় যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে এবং বাড়ছে যানজট। এমন পরিস্থিতি থেকে বাঁচতে এবার প্রশাসনিক স্তরে একাধিক নীতিগত পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নতুন গাড়ি কেনার ক্ষেত্রে মালিকদের নির্দিষ্ট পার্কিং স্পেস রয়েছে কি না, তা যাচাই করার একটি ব্যবস্থা চালু করা নিয়েও নীতিগত আলোচনা চলেছ। এর সাথেই, সরকারের অনুমোদন প্রাপ্ত পার্কিং ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল ও ক্যাশলেস করার লক্ষ্যে আলাদা একটি মোবাইল অ্যাপ চালু করার পরিকল্পনাও করছে রাজ্য সরকার।

আরও পড়ুন: শ্রাবণী মেলায় মোটা আয় রেলের, বিপুল ভক্ত সমাগম ভেঙে দিল রেলের ২০২৫-র রেকর্ড

সূত্র মারফৎ জানা গেছে, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল শুক্রবার কলকাতা, হাওড়া ও বিধাননগর পুলিশ কমিশনারেট, ট্রাফিক পুলিশ এবং ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্তাদের সাথে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকে শহরের পার্কিং নীতি সংস্কারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই বৈঠকেই অনুমোদিত পার্কিং ব্যবস্থাকে একটিমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই অ্যাপটি থেকে গাড়ি চালকরা খালি পার্কিং স্লটের তথ্য জানার পাশপাশি অনলাইনেই পার্কিং ফি মেটাতে পারবেন। এছাড়া, যেসব যানবাহন অনুমোদিত পার্কিং স্পেস ব্যবহার করছে, সেগুলির জন্য ইউনিক স্টিকার বা ডিজিটাল আইডেন্টিফিকেশন সিস্টেম চালুর করারও প্রস্তাব দেওয়া হয়েছে বৈঠকে, এতে বৈধ ও বেআইনি পার্কিংগুলি দ্রুত শনাক্ত করা যাবে। কলকাতা পুরসভা এলাকায় বর্তমানে প্রায় ১০ হাজার পার্কিং স্পট টেন্ডারের  মাধ্যমে বৈধ পার্কিংয়ের তালিকায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে পার্কিং ব্যবস্থায় স্বচ্ছতা আসে ও রাজস্ব আদায়ও নিশ্চয়তা আসে। 

আরও পড়ুন: এদের ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি, ঘোষণা রাজ্য সরকারের

অন্যদিকে, বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে আরও কড়া আইন প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফুটপাতে, নো-পার্কিং জোনে এবং রাস্তায় দীর্ঘক্ষণ যানবাহন রাখার ক্ষেত্রে জরিমানার কাঠামোতেও বদল আসছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন জরিমানা কার্যকর করার জন্য প্রস্তুতি চালু হয়েছে এবং এই লক্ষ্যে নিয়মিত এনফোর্সমেন্ট ড্রাইভ চালানোর জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীদিনে আর্বান চ্যালেঞ্জ ফান্ডের (Urban Challenge Fund) অর্থ দিয়ে একাধিক মাল্টি-লেভেল পার্কিং তৈরির প্রস্তাবও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অধীনে রয়েছে।