শ্রাবণী মেলায় মোটা আয় রেলের, বিপুল ভক্ত সমাগম ভেঙে দিল রেলের ২০২৫-র রেকর্ড

Published:

Shravani Mela Indian Railways

অনন্যা সরকার, হাওড়া: এবছর পবিত্র শ্রাবণী মেলা (Shravani Mela) উপলক্ষে যাত্রী সংখ্যা ও রাজস্ব আয়ে রেকর্ড গড়লো পূর্ব রেল। মেলা চলাকালীন তীর্থযাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা সুনিশ্চিত করে অভাবনীয় সাফল্য অর্জন করেছে রেল। এই শাখার জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওষ্কর হাওড়া বিভাগ পরিচালনা ব্যবস্থায় আমূল পরিবর্তন করেছিলেন। তারকেশ্বর ও শেওড়াফুলি জংশনে ২৪৬টি বিশেষ ট্রেনের ট্রিপ, অতিরিক্ত কোচ যুক্ত করা এবং স্ট্যান্ডবাই রেক প্রস্তুত রাখার ফলে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব হয়েছে। 

শ্রাবণী মেলায় রেলের রেকর্ড আয়

পূর্ব রেল শ্রাবণী মেলা উপলক্ষে যাত্রী নিরাপত্তা ব্যবস্থাকেও আঁটোসাঁটো করেছিল। কি পরিমাণ যাত্রী সমাগম হবে তা আগে থেকেই অনুমান করে ভিড় নিয়ন্ত্রণের জন্য আলাদা আলাদা প্রবেশ ও বাহির পথ রাখা, অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করা, নিরবচ্ছিন্ন পানীয় জলের ব্যবস্থা, উন্নত আলো ও জরুরী স্বাস্থ্য পরিষেবারও ব্যবস্থা করা হয়। হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার নিজে ঘটনাস্থলে গিয়ে তদারকি করেন। রিয়েল-টাইম অডিও অ্যানাউন্সমেন্ট ও টিকিট বোর্ডিংয়ের মাধ্যমে পরিষেবায় গতি বজায় রাখা হয়। এই সুপরিকল্পনার ফলে পূর্ব রেল রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হয়েছে। 

আরও পড়ুন: আগস্টের শুরুতেই হাওড়া, শিয়ালদা থেকে একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা রেলের

গতবছরের সাথে তুলনা করলে দেখা যাচ্ছে, ২০২৫ সালের শ্রাবণী মেলার প্রথম দুই সোমবারে তারকেশ্বরের উদ্দ্যেশে মোট ১,৮৫,৩১০ জন রেলযাত্রা করেছিলেন, তাতে আয় হয় ৩৩,০৮,৭২০ টাকা। অন্যদিকে, এবছর দুই সোমবারে যাত্রী সংখ্যা ৭.০৭% বেড়েছে, অর্থাৎ ১,৯৮,৪১৯ জন। এর থেকে রেলের উপার্জন  ২০.২১% বৃদ্ধি পেয়ে ৩৯,৭,৭৩৪৫ টাকায় পৌঁছেছে। একই রকম জনসমাগম দেখা গেছে শেওড়াফুলি জংশনেও। সেখানে গত বছরের তুলনায় যাত্রী সংখ্যা ১২.২৫% বৃদ্ধি পেয়ে ৬৩,৯৪৮ জনে পৌঁছেছে এবং রেলের আয় ১৭.৮৮% বেড়ে ৫,৩৫,২৯০ টাকা হয়েছে।

আরও পড়ুন: স্টেশনে যাত্রীসহ ট্রেন রেখে উধাও চালক! ফিরলেন ১ ঘণ্টা পর

স্টেশনগুলিতে নিরবচ্ছিন্ন পানীয় জলের ব্যবস্থা, পরিষ্কার শৌচাগার, পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি, দৃশ্যমানতা বাড়াবার জন্য স্টেশনে উন্নত লাইটিং এবং রক্ষণাবেক্ষণ করা ফুট ব্রিজ ও এসকেলেটর পরিষেবার ব্যবস্থা ছিল। এছাড়া, সক্রিয় ট্রেন ডিসপ্লে বোর্ড এবং স্পষ্ট অডিও ঘোষণার মাধ্যমে রিয়েল-টাইম যাত্রার আপডেট দেওয়া হচ্ছিল। এর পাশাপাশি স্টেশনে আসা সকল ভক্তদের  দ্রুত ইমারজেন্সি সহায়তা প্রদানের জন্য সরাসরি স্টেশনগুলিতে মেডিক্যাল ক্যাম্পও স্থাপন করা হয়, তারসাথে ছিল ফার্স্ট এইড ব্যবস্থা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, বর্ধিত ট্রেন পরিষেবা, সঠিক ভিড় ব্যবস্থাপনা এবং যাত্রী সুবিধা নিশ্চিত করার মাধ্যমে দর্শনার্থীদের সর্বাঙ্গীন সেবা প্রদান করারই প্রতিশ্রুতি দেয় পূর্ব রেল। পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দূরদর্শী ভাবনাচিন্তার মাধ্যমে শ্রাবণী মেলা উপলক্ষে রেলের এই আয়োজন তীর্থযাত্রীদের কাছে অভূতপূর্ব নজির গড়েছে।