৩৭১৯ ICT শিক্ষকদের চাকরি নিয়ে অনিশ্চয়তা, বিকাশ ভবন অভিযানের ডাক

Published:

ICT Teachers Job Crisis

প্রীতি পোদ্দার, কলকাতা: চাকরি অনিশ্চয়তা নিয়ে ফের বিকাশ ভবন (Bikash Bhawan) অভিযানের ডাক দিলেন শিক্ষকেরা। অভিযোগ, আইসিটি অ্যাট স্কুল প্রোজেক্টের পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরে সরকার আর শিক্ষক নিয়োগকারী (ICT Teachers Job Crisis) এজেন্সির চুক্তি নবীকরণ করছে না। এমনকি ধাপে ধাপে শিক্ষকদের এজেন্সির তরফে ছাঁটাইয়ের চিঠিও পাঠানো হচ্ছে। এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন শিক্ষকরা এবং অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য দাবি তুললেন।

শিক্ষকদের ইমেলের মাধ্যমে ছাঁটাইয়ের চিঠি

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আইসিটি অ্যাট স্কুল প্রোজেক্টের মাধ্যমে পূর্বতন সরকার, পঞ্চম ফেজ পর্যন্ত ৫,৫৭৯ জন শিক্ষককে সরাসরি সরকারের অধীনে চুক্তিভিত্তিক শিক্ষক হিসাবে নিয়োগ করেছিল। এঁরা ৬০ বছর পর্যন্ত চাকরি এবং কিছুটা বর্ধিত ভাতাও পাচ্ছেন সরকার থেকে। কিন্তু পরবর্তী ষষ্ঠ এবং সপ্তম ধাপের শিক্ষকরা রয়ে গিয়েছেন এজেন্সির অধীনে। এদিকে পাঁচ বছরের এই প্রজেক্টের প্রাথমিক মেয়াদ চলতি বছর আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। কিন্তু সরকার আর এঁদের নিয়োগকারী এজেন্সির চুক্তি নবীকরণ করছে না। এমনকি এজেন্সির তরফে ইমেলের মাধ্যমে ছাঁটাইয়ের চিঠিও পাঠানো হচ্ছে। তাই এই পরিস্থিতিতে নিজেদের চাকরি রক্ষার দাবিতে আন্দোলনের পথে নামার ডাক দিল ICT কর্মীরা।

বিকাশ ভবন অভিযানের ডাক শিক্ষকদের

জানা গিয়েছে, প্রকল্পের মেয়াদ শেষ হলে Edu-Technical Support, IT হার্ডওয়্যার ও সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ, বৈদ্যুতিক খরচের reimbursement এবং consumable delivery-সহ প্রকল্পের আওতাধীন পরিষেবাগুলিও বন্ধ হওয়ার কথা জানানো হয়েছে। সবমিলিয়ে পুজোর আগে কর্মহীন হতে বসেছেন স্কুলে নিযুক্ত ১৪০০ জন কম্পিউটার ইনস্ট্রাক্টর। তবে এখানেই শেষ নয়, এর পরবর্তী ধাপে চাকরি যেতে বসেছে আরও ২,৩১৯ জন শিক্ষকের, সব মিলিয়ে ৩৭১৯ জন শিক্ষক চাকরিহারা হতে চলেছে। তাই পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে কর্মরত ICT কম্পিউটার শিক্ষকদের চাকরি থেকে ছাঁটাই বা টার্মিনেশনের বিরুদ্ধে আগামী ২৮ সেপ্টেম্বর, সোমবার, সকাল ১০টা নাগাদ ‘বিকাশ ভবন চলো’ অভিযানের ডাক দিয়েছে ঐক্য মঞ্চ।

আরও পড়ুন: অবৈধ বদলির অভিযোগ! আরামবাগের স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

শিক্ষক সংগঠন এসটিইএ-র নেতা অনিমেষ হালদার বলেন, ‘এই শিক্ষকরা চলে গেলে বহু স্কুল অথৈ জলে পড়বে। কারণ, তাঁরা শুধু কম্পিউটার ক্লাসই নিতেন না, বিদ্যালয়ে চালু থাকা বিভিন্ন সরকারি প্রকল্পের কাজও তাঁরাই করে দিতেন।’ অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল আইসিটি পার্সোনেল কম্পিউটার ইনস্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোসাব্বর গাজি বলেন, ‘মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, ৩৭১৯ জনকে সরকারের অধীনে আনা হোক। তাঁদের কারও যাতে চাকরি না-যায়, তা দেখুক মানবিক সরকার।’ একদিকে প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার ঘোষণা, অন্যদিকে কয়েক হাজার ICT শিক্ষকের চাকরি নিয়ে অনিশ্চয়তা সব মিলিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে শিক্ষামহলে।