আনিষা চৌধুরী, কলকাতা: পুজোর মরসুম শুরু হওয়ার আগেই রাজ্যে মদের দামে (Liquor Price) বিরাট পরিবর্তন। বিদেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি মদ, এই তিন ধরনের পানীয়ের নতুন করে মূল্য নির্ধারণের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পানীয় নিগম। দাম ঠিক কতটা বাড়তে পারে, তা এখনও সরাসরি জানানো হয়নি। তবে ১ অক্টোবর ২০২৬ থেকে নতুন মূল্য কার্যকর করার কথা স্পষ্ট জানানো হয়েছে। ফলে পুজোর আগে মদের বোতলে নতুন দাম দেখা যেতে পারে।
দাম অনুযায়ী নতুন করে পণ্য নথিভুক্তির নির্দেশ
৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য পানীয় নিগমের সদর দফতরে সংশ্লিষ্ট সংস্থা ও মদ প্রস্তুতকারকদের মধ্যে একটি জরুরী বৈঠক হয়। ২৫ অগস্ট প্রকাশিত তিনটি ‘প্রি-বিড’-এর ভিত্তিতে আয়োজিত ওই বৈঠকে মদের নতুন দাম সংক্রান্ত নথি এবং পণ্য নথিভুক্তির নিয়ম কানুন নিয়ে আলোচনা করা হয়। নিগম এই বৈঠকে স্পষ্ট জানিয়েছে, নতুন মূল্য অনুযায়ী সমস্ত পণ্যকে আবার নথিভুক্ত করতে হবে। এমনকি কোনও পণ্যের দাম না বদলালেও তার নতুন করে রেজিস্ট্রেশন করা প্রয়োজন।
নির্ধারিত মূল্য আবগারি আইনের নিয়ম মেনে এবং ৩০ জুন ২০২৬-এর সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে যত তাড়াতাড়ি সম্ভব জানাতে হবে। নতুন মূল্য কার্যকর হলেও দোকানে থাকা পুরনো দামের মদের ক্ষেত্রে আপাতত ছাড় রাখা হয়েছে। এই মুহূর্তে স্টকে থাকা বোতল ও লেবেল নথিভুক্তির বৈধতা যতদিন থাকবে, ততদিন এখনকার দামেই পানীয় বিক্রি করা যাবে। পুজোর সময় স্বাভাবিকভাবেই পানীয়র চাহিদা বৃদ্ধি পায়, তাই সেই কথা মাথায় রেখে প্রস্তুতকারকদের নিয়মিত সরবরাহ বজায় রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন: রোহিত শর্মাকে ক্রিকেট থেকে সারাজীবনের মতো ব্যান করতে পারে BCCI!
রাজস্ব বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রাজ্যে শাসক দলের পালা বদলের পর, বর্তমান মুখ্যমন্ত্রী এখনও অব্দি প্রায় ১৮% পর্যন্ত রাজস্ব বৃদ্ধি করেছে। প্রাক্তন সরকারের রেখে যাওয়া ৮ লক্ষ কোটি টাকার দেনাও বর্তমান সরকারকেই পরিশোধ করতে হবে। এই সমস্ত দিক বিবেচনা করেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। মদ বিক্রি থেকে পাওয়া আবগারি রাজস্ব রাজ্যের আয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। তবে কোন ব্র্যান্ডের দাম কতটা বাড়বে, সেই বিষয়ে এখনও নির্দিষ্টভাবে তথ্য প্রকাশ করা হয়নি। নতুন মূল্যতালিকা সামনে এলেই বোতলপিছু প্রকৃত দাম কতটা বদলাচ্ছে, তা পরিষ্কার হবে।










