এবার অন্নপূর্ণা যোজনা বন্ধের দাবি মহিলাদের! হঠাৎ হল টা কী?

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না পাওয়াকে কেন্দ্র করে ফের বিক্ষোভে নামলেন মহিলারা। সোমবার উদয়নারায়ণপুরের (Udaynarayanpur) বিধায়ক সমীর পাঁজার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় মহিলারা। তবে তাতেও সমাধান না মেলায় গতকাল ফের পথ অবরোধ করে আন্দোলনে নেমেছেন তাঁরা। তাঁদের একটাই দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। এমনকি এখনও আবেদন আন্ডার প্রসেস পর্যায়ে রয়েছে। হয় টাকা দিক, নাহলে প্রকল্প বন্ধ করে দিক সরকার।

অন্নপূর্ণা যোজনা না পেয়ে পথে নামলেন মহিলারা

জুন মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো শুরু করেছে সরকার। সেপ্টেম্বরে ১ কোটি ৫৬ লক্ষ মহিলা চতুর্থ কিস্তির টাকা পেয়েছেন বলেই দাবি মুখ্যমন্ত্রীর। তবে আগস্টে প্রত্যেকের তথ্য পুনরায় ভেরিফাই করা হয়। যাচাইয়ের পর যোগ্যদের অন্তর্ভুক্ত করা হয় এবং অযোগ্যদের কারণ দেখিয়ে বাদ দেওয়া হয়েছিল। তবে আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও এই প্রকল্প থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন এবং চার মাসের মধ্যে এক টাকাও তাঁদের অ্যাকাউন্টে ঢোকেনি। অন্যদিকে যাঁরা অযোগ্য, তাঁরা দিব্যি প্রতি মাসে অন্নপূর্ণার ৩০০০ করে অ্যাকাউন্টে পাচ্ছেন।

বিক্ষোভকারী এক মহিলার কথায়, “আমরা সবাই একই দিনে অ্যাপ্লিকেশন করেছি। কেন আমাদের টাকা ঢুকছে না? কেন আমাদের সরকার এই প্রকল্প থেকে বঞ্চিত করছে? গরিব মানুষ আমরা। আমরা রোজ কাজ করে খাই। কেন দেবে না বলুন। দিলে এই টাকা সবাইকে দিতে হবে। নাহলে বন্ধ করে দিক সরকার। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যই আমরা পথ অবরোধ করেছি। চার মাস ধরে আন্ডার প্রসেস তো আন্ডার প্রসেসই হয়ে রয়েছে।”

আরও পড়ুন: ফের অনেকটাই কমে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট

আরও এক মহিলার কথায়, “যাঁরা পাওয়ার যোগ্য নয় তাঁরা পাচ্ছে, আমরা পাওয়ার যোগ্য হয়েও আমরা পাচ্ছি না। আমাদের অবস্থা কী হবে বলুন। আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দিলেই শান্তি। আমরা আর কিচ্ছু চাই না। সরকার আমাদের সমাধান না করলে আমরা পথ অবরোধ তুলব না।” প্রসঙ্গত, মহিলাদের এই পথ অবরোধের জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে উদয়নারায়ণপুরের ওই রাস্তা দিয়ে যান চলাচল। এমনকি সাধারণ মানুষকেও ভোগান্তিতে পড়তে হয়। পরে পুলিশের হস্তক্ষেপে ওই অবরোধ ওঠে। এমনকি প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, অবিলম্বে বিডিও অফিসে গেলে এই সমস্যার সমাধান করে দেওয়া হবে।