অন্নপূর্ণার টাকা না মেলায় অঞ্চল সহায়কের জামা ছিঁড়ে দিলেন মহিলারা, উত্তপ্ত ধূপগুড়ি

Published:

Dhupguri

সৌভিক মুখার্জী, ধূপগুড়ি: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে এর উত্তপ্ত জলপাইগুড়ির ধূপগুড়ি (Dhupguri)। পঞ্চায়েত অফিসে এসে বিক্ষোভ মহিলাদের। এমনকি অঞ্চল সহায়কের জামা ছিঁড়ে দেওয়ার মতো অভিযোগে মহিলাদের বিরুদ্ধে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে বেশ কয়েকটি ভিডিও। মহিলাদের একটাই অভিযোগ, অফলাইন এবং অনলাইন দু’ভাবেই আবেদন করার পরেও অন্নপূর্ণা ভাণ্ডারের কানাকড়ি টাকা অ্যাকাউন্টে ঢোকেনি।

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিক্ষোভ মহিলাদের

এদিন জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গাদং ১ গ্রাম পঞ্চায়েতে মহিলারা তুমুল বিক্ষোভ দেখান। গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সহায়ককে টেনে-হিঁচড়ে নিয়ে এসে বিক্ষুব্ধ মহিলারা তাঁর উপর চড়াও হন। এমনকি তাঁর জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়। তাদের একটাই দাবি, অন্নপূর্ণা ভাণ্ডারের নামে শুধুমাত্র হয়রানি করা হচ্ছে। কখনও বলা হচ্ছে বিডিও অফিসে যেতে, কখনও গ্রাম পঞ্চায়েতে, এমনকি কখনও অনলাইনে ফর্ম ফিলাপ করতে বলা হচ্ছে। কিন্তু টাকা ঢুকছে না। এমনকি আবেদন প্রক্রিয়া আন্ডার এনকোয়ারি বা রিজেক্টটেড দেখালেও নির্দিষ্ট কোনও কারণ জানতে না পড়ায় তারা আরও বেশি ক্ষুব্ধ।

বিক্ষোভকারী এক মহিলার কথায়, “আমাদের এই ব্লকে শত শত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাননি। কোনও সময় বলা হচ্ছে বিডিও অফিসে গিয়ে ভেরিফিকেশন করে আসতে, আবার কোনও সময় পঞ্চায়েত অফিসে যাওয়ার কথা বলা হচ্ছে। এমনকি ডিবিটির জন্যও হয়রানির শিকার হতে হয়েছে আমাদের। ওরা বেশি বেশি তৃণমূলের লোকদের অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে। কিন্তু বিজেপি যারা করে তাদেরকে বাদ দিচ্ছে। এর পিছনে একমাত্র দায়ী অঞ্চল সহায়ক। সেই কারণেই উনাকে টেনে নিয়ে আসা হয়েছে।”

আরও পড়ুন: সোনা, রুপোর দাম নিয়ে ফের দুঃসংবাদ! আজকের রেট

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জুলাই মাসেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ১ কোটি ১০ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা দেওয়া হয়েছে। তবে প্রায় ২৮ লক্ষ মহিলার নাম বাদ গেছে এই প্রকল্প থেকে, এবং প্রায় ২৬ লক্ষ মহিলার নাম আন্ডার এনকোয়ারি পর্যায়ে রাখা হয়েছে। তাদের তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে বিডিও বা পৌরসভার তরফ থেকে। কিন্তু সেক্ষেত্রেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলেই অভিযোগ মহিলাদের। আর সেই কারণেই এবার বিক্ষোভে নামছেন তারা।