মহিলা, বেকারদের মাসে ৩০০০ টাকা, উত্তরবঙ্গে AIIMS, সঙ্কল্পপত্রে একগুচ্ছ ঘোষণা বিজেপির

Published:

Amit Shah

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র আর কয়েকদিন বাকি, এর পরেই রাজ্যে শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। আর এই আবহে একাধিকবার বাংলায় এসেছেন অমিত শাহ। কখনও কর্মীদের সঙ্গে সভা করেছেন তো কখনও আবার তিনি শুভেন্দু অধিকারীর মনোয়নপত্র জমা দেওয়ার সময়ও সঙ্গী ছিলেন। এছাড়া শাহ (Amit Shah) বাংলায় বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিটও পেশ করেন কিছুদিন আগে। আর এবার প্রকাশ্যে আনলেন বিজেপির ইস্তাহার বা সংকল্প পত্র (BJP Manifesto 2026)। যুবসমাজ থেকে শুরু করে মহিলাদের জন্য নিয়ে এলেন একাধিক সাহায্যমূলক প্রকল্প।

বিজেপির ইস্তাহার প্রকাশ

ভোটমুখী বাংলায় বিজেপির ইস্তাহার বা সংকল্প পত্র প্রকাশ করার জন্য আজ অর্থাৎ শুক্রবার সকালেই কলকাতায় চলে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্ধারিত সূচি মেনেই বিজেপির ‘সংকল্পপত্র’ প্রকাশের অনুষ্ঠান শুরু হয়েছিল। উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল, শুভেন্দু অধিকারী, তাপস রায়, শমীক ভট্টাচার্যরা। ইস্তাহার তৈরির জন্য বিজেপি যে কমিটি গড়েছিল, তার সভাপতিত্ব করেছিলেন তাপস রায়। তিনি জানিয়েছেন, ‘‘এটা ঠান্ডা ঘরে বসে তৈরি করা কোনও সঙ্কল্পপত্র নয়। এক কোটিরও বেশি মানুষের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। সব পেশার মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে। তার পর ইস্তাহার তৈরি হয়েছে।” এরপরই বিজেপির ইস্তাহার প্রকাশ করতে ওঠেন অমিত শাহ।

মহিলা-যুবদের জন্য থাকছে একাধিক চমক

অমিত শাহ জানিয়েছেন, “এই ইস্তাহার শাসকদলের থেকে অত্যাচারিত পশ্চিমবঙ্গের ভীত মহিলা, যুবদের সঠিক আস্থা জোগাবে। নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের ‘রোড ম্যাপ’ রাজ্যের জনগণের সামনে রাখবে। এটা আইনের শাসনের ভরসা। রোজগারের ভরসা। সোনার বাংলা তৈরি করব আমরা। আমার বিশ্বাস, বাংলার জনতা আমাদের এখানে পাঁচ বছরের জন্য সরকার তৈরির সুযোগ দেবেন। আমরা সেই ভরসার ভিত্তিতে রাজ্যের পুনর্নির্মাণের কাজ শুরু করব।” বিজেপির ইস্তাহারে সকল সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় চমক আনা হয়েছে। তাঁদের মহার্ঘ ভাতা সুনিশ্চিত করার পাশাপাশি ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু করার কথা জানানো হয়েছে।

অনুপ্রবেশ এবং বেকারত্ব নিয়ে বড় পদক্ষেপ

অনুপ্রবেশ নিয়েও অমিত শাহ ইস্তাহারে জানিয়েছেন যে, “অনুপ্রবেশে বিজেপি সরকার ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ করবে। দেশের সুরক্ষার্থে আমরা ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতির মাধ্যমে বেছে বেছে অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে বার করব। পাশাপাশি গরু পাচার একেবারে বন্ধ করে দেওয়া হবে।” এছাড়াও বাংলায় সকল নাগরিকের জন্য এক আইন নিশ্চিত করা হবে। রাজ্যে বেকারত্ব মেটানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তাহারে। শাহ জানিয়েছেন, বেকারদের মাসে তিন হাজার টাকা করে অর্থসাহায্য করা হবে। এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।এছাড়াও মহিলাদের সুরক্ষায় বিশেষ স্কোয়াড গঠন করা হবে। আলু চাষিদের জন্যেও বিশেষ ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আসানসোলে মোদীর সভায় ৪৫০ মোবাইল চুরি! পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

স্থায়ী চাকরির আশ্বাস শাহের

রাজ্যে রাজনৈতিক হিংসামূলক ঘটনার ক্ষেত্রে বিরাট পদক্ষেপ নেয়া হয়েছে বিজেপির ইস্তাহারে। জানানো হয়েছে, সকল রাজনৈতিক হিংসার তদন্তের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে কমিটি গড়ে দ্রুত তদন্তের ব্যবস্থা করা হবে। এছাড়াও উত্তরবঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের উপর কড়া নজর দিয়েছে অমিত শাহ। তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গের একাধিক জেলায় এমস, আইআইটি, আইআইএম এবং ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতিষ্ঠান গঠন করা হবে। সুনির্দিষ্ট ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় যোগ্যদের মেধার ভিত্তিতে স্থায়ী চাকরি নিশ্চিতও করা হবে বলে জানানো হয়েছে। এমনকি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা হবে এবং প্রতি পুলিশ জেলায় মহিলা ডেস্ক থাকবে।

কৃষি এবং পর্যটন শিল্পে বড় পদক্ষেপ

প্রধানমন্ত্রী কিসান প্রকল্পের টাকা বাড়ানো হবে বলেও এদিন বিজেপির ইস্তাহারে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, কেন্দ্রের ৬০০০ টাকার সঙ্গে রাজ্য সরকারের ৩০০০ টাকা যোগ করে মোট ৯০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও পর্যটন শিল্প নিয়েও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। দার্জিলিংকে হেরিটেজ পর্যটনকেন্দ্র হিসাবে জোর দেওয়া হবে। বাংলাকে একসঙ্গে রেখে পার্বত্য অঞ্চলের উন্নয়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন। স্বাস্থ্যের ক্ষেত্রে প্রত্যেক গরিব মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে এবং উত্তরবঙ্গে নতুন ক্যানসার হাসপাতাল তৈরি করা হবে বলে জানানো হয়েছে।