সহেলি মিত্র, কলকাতাঃ রাত পোহালেই রয়েছে মহালয়া। কিন্তু বর্ষা কোথায় বিদায় নিল বাংলা থেকে! বরং নতুন করে দুর্যোগ শুরু হয়েছে সর্বত্র। আজ শুক্রবারও কলকাতা সহ একাধিক জেলায় তেড়ে বৃষ্টির (Weather Today) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দেশ থেকে ধীরে ধীরে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। বাংলা থেকে বর্ষা কবে বিদায় নেবে এখন সেই প্রশ্ন উঠছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মহালয়ার দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দু’এক জায়গায়। আজ সারাদিন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে জেনে নিই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে দুর্যোগের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মহারাষ্ট্রের অবশিষ্ট অংশ, গয়া, কর্ণাটক, তেলেঙ্গানা ও ওড়িশার কিছু অংশ এবং ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের আরও কিছু অংশ থেকে বিদায় নিয়েছে। এদিকে উত্তর পূর্ব বিহার ও সংলগ্ন এলাকার ওপর ৩.১ থেকে ৪.৫ কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেইসঙ্গে উত্তর পূর্ব বিহারের ওপর অবস্থিত ঘূর্ণাবর্ত থেকে ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগরের ওপর দিয়ে ৩.১ থেকে ৪.৫ কিমি উচ্চতায় তেলেঙ্গানা অবধি একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার (North Bengal) হাল হকিকত সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। জেলাগুলিতে ঝড় বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর মুখে সুখবর পেলেন কর্মীরা
আগামীকালের আবহাওয়া
শনিবার অর্থাৎ সপ্তাহান্তের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিনও প্রতিটি জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।










