খুব কম সময়ে ডাবের শাঁস দিয়ে বানান সুস্বাদু কৌড়া, রইল রেসিপি

Published:

Daber shasher Koura

প্রীতি পোদ্দার, কলকাতা: ডাবের জল শরীরের জন্য যে কতটা উপকারী তা আর বলার অপেক্ষা রাখে না। চুল, ত্বক সব কিছুর জন্য এই জল যেমন উপকারী তেমন ডাবের শাঁসও (Coconut Pulp) বেশ উপকারী। তবে জানেন কি এই ডাবের শাঁস দিয়ে এক দারুণ স্বাদের পদও (Recipe) রান্না করা যায়? হ্যাঁ, অবাক হলেও এটাই সত্যি, আর সেই রান্নাটি হল ডাবের শাঁসের কৌড়া (Daber shasher Koura)। চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে এই রেসিপিটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

উপকরণ

ডাবের শাঁসের কৌড়া বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল – ডাবের শাঁস, ডাবের জল, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা, কালো জিরে, নুন, চিনি, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

  • প্রথমে একটি ব্লেন্ডারে ডাবের শাঁস এবং সামান্য ডাবের জল নিয়ে একটা মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এরপর সামান্য কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। তবে সবচেয়ে ভালো হয় শিলে বাটায় বেটে নিলে, এতে ঝাল ভাবটা আরও বেশি থাকবে।
  • এরপর সামান্য সাদা সর্ষে, সামান্য কালো সর্ষে এবং নুন দিয়ে একটা মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে। সর্ষের তেতো ভাবতে যাতে না থাকে তার জন্যই সামান্য নুন দেওয়া হয়েছিল। এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে নিতে হবে।
  • তেল গরম হয়ে এলে ওর মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কাঁচালঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে।

আরও পড়ুন: মাত্র ১৫ মিনিটে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু চিঁড়ের পোলাও, রইল রেসিপি

  • কষানোর সময় এবার ডাবের শাঁসের মিশ্রণটা ঢেলে দিতে হবে। মাঝারি আঁচে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কারণ বেশি আঁচে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ওর মধ্যে সামান্য নুন, চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে।
  • ১০ মিনিট পর ভালো করে পুনরায় নাড়াচাড়া করে চিরে রাখা কাঁচালঙ্কাগুলো ছড়িয়ে দিতে হবে। এরপর ওর মধ্যে সর্ষে বাটার মিশ্রণটা ঢেলে দিতে হবে। ভালো করে এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কষাতে হবে।
  • ৭-৮ মিনিট পর মশলা থেকে তেল ছাড়ার পর এবার একটি আলাদা পাত্রে ঢেলে রাখতে হবে। ব্যস তাহলেই তৈরি ডাবের শাঁসের কৌড়া। এবার গরম ভাতের সঙ্গে ডাবের শাঁসের এই মিশ্রণটা মেখে খেয়ে নিতে পারেন। উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন, এতে স্বাদ আরও বাড়বে।
আরওCoconutRecipe
google button