প্রীতি পোদ্দার, কলকাতা: সকালবেলায় কাজের ব্যস্ততায় অনেকেই ব্রেকফাস্ট (Breakfast) বানাতে গিয়ে নাজেহাল হয়ে পড়ে। এদিকে রোজ রোজ একই ডিম পাউরুটি খেতেও মন চায় না, তখন দরকার পড়ে স্বাস্থ্যকর কিছু খাবার। সেক্ষেত্রে ব্রেকফাস্টে চটজলদি এবং স্বাস্থ্যকর খাবার হিসেবে বানিয়ে নিতে পারেন চিঁড়ের পোলাও (Chirer Pulao)। আজকের প্রতিবেদনে সেই রেসিপি তুলে ধরা হল।
উপকরণ
চিঁড়ের পোলাও বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল- চিঁড়ে, কারিপাতা, আলু, গাজর, পেঁয়াজ, ফুলকপি, আদা, রসুন, কাঁচালঙ্কা, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, পেস্তা, সাদা জিরে, কাজু, কিসমিস, নুন, হলুদ গুঁড়ো, চিনি, ঘি, গরম মশলা, সাদা তেল।
রান্নার পদ্ধতি
এই চিঁড়ের পোলাও বানাতে একদম বেশি সময় লাগবে না। খুব অল্প সময়ের মধ্যেই অল্প কয়েকটি উপকরণ দিয়ে আপনি এটি বানিয়ে ফেলতে পারবেন।
- প্রথমে একটি পাত্রে ২০০ গ্রাম চিঁড়ে ভালো করে ছেঁকে জলে ধুয়ে নিতে হবে। এরপর পরিষ্কার জলে অন্তত ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর এক এক করে সবজিগুলো কেটে ফেলতে হবে। আলুগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট করে চৌকো আকৃতির করে কেটে নিতে হবে।
- এরপর গাজর, পেঁয়াজ, ফুলকপি, আদা এবং কাঁচালঙ্কা কেটে নিতে হবে। রসুনের খোসা ছাড়িয়ে সেগুলোকে থেঁতো করে নিতে হবে। চিঁড়েগুলোর থেকে এবার জল ঝরিয়ে নিয়ে আলাদা বাটিতে ঢেলে রাখতে হবে। কড়াইতে এবার সামান্য সাদা তেল গরম করে নিতে হবে।
- গরম তেলের মধ্যে তেজপাতা, সাদা জিরে, দারচিনি লবঙ্গ এবং পেস্তা ফোড়ন দিয়ে নিতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে এলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার কেটে রাখা গাজরগুলো দিয়ে দিতে হবে।
আরও পড়ুন: পুজোর আগে মেদ ঝরাতে ভাতের বদলে খান কিনুয়া, রইল রেসিপি
- আলু এবং গাজর হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে এবার কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নিতে হবে। সবশেষে কেটে রাখা পেঁয়াজ, কাঁচালঙ্কা, আদা কুচি এবং কয়েকটা কাজু ছড়িয়ে দিতে হবে। ভাজার পর হালকা করে বাদামি রং হয়ে আসলে এবার কারিপাতা এবং থেঁতো করে রাখা রসুনগুলো দিয়ে দিতে হবে।
- সম্পূর্ণ সবজির মিশ্রণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর মশলা হিসেবে নুন, হলুদ গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে অন্তত ৫-৭ মিনিট ভালো করে মাখিয়ে মাঝারি ফ্লেমে কষাতে দিতে হবে। এরপর চিঁড়েগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবং ২-৩ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। শেষে নামানোর আগে গরমমশলা এবং ঘি ছড়িয়ে দিলেই তৈরি চিঁড়ের পোলাও।










