প্রীতি পোদ্দার, কলকাতা: পুজো (Durga Puja 2026) শুরু হতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। এদিকে ফ্যাশনে যাতে কোনও রকম ত্রুটি না থাকে তার জন্য সাজপোশাক থেকে শুরু করে নিজেদের শরীরের ওজন (Weight Loss) নিয়ন্ত্রণে রাখতে বেশ ব্যস্ত মহিলারা। এদিকে রোগা হওয়া মুখের কথা নয়। মেদ ঝরিয়ে রোগা হওয়ার বিষয়টি যতটা সহজ মনে হয়, বাস্তবে কিন্তু ঠিক তার উল্টোটাই। তবে এক্ষেত্রে সাহায্য করতে পারবে কিনুয়া (Quinoa)। তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে শিখে নেওয়া যাক কীভাবে কিনুয়া বানাতে হয়।
উপকরণ
কিনুয়া বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল- কিনুয়া, পনির, টমেটো, আলু, ক্যাপসিকাম, আদা, চিনা বাদাম, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, গোটা গোলমরিচ, সাদা তেল।
রান্নার পদ্ধতি
অনেকেই ডায়েট করার জন্য ভাত পুরোপুরি বন্ধ করে দেয়। এদিকে ভাত শরীরে কার্বোহাইড্রেটের অন্যতম উৎস। সেক্ষেত্রে কার্বোহাইড্রেটের ঘাটতি হলে চেহারার জেল্লা কমে যেতে পারে। তাই পুষ্টিবিদরা জানাচ্ছেন, ভাতের বিকল্প হিসাবে পুজোর আগে ডায়েটে রাখতে পারেন কিনুয়া। সেটা কীভাবে বানাতে হয় জেনে নেওয়া যাক বিস্তারিত।
- প্রথমে একটি বাটির মধ্যে কিনুয়াগুলো ঢেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর সেগুলি জলের মধ্যে অন্তত 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে পনির গুলো ছোট ছোট চৌকো সাইজ করে কেটে নিতে হবে।
- সবজি হিসেবে একে একে আলু, টমেটো, ক্যাপসিকাম কেটে নিতে হবে। এরপর আদাগুলোর খোসা ছাড়িয়ে একটা ঘর্ষণের মাধ্যমে গ্রেট করে নিতে হবে। এরপর একটি কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে চিনা বাদাম গুলো হালকা এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে।
- কিনুয়াগুলো (Quinoa) ভালো করে জলের মধ্যে ভেজানোর পর সেগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে দু তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। চিনা বাদাম গুলো ভাজা হয়ে এলে সেগুলোকে অন্য একটি পাত্রে তুলে ওই একই তেলের মধ্যে সামান্য নুন ছড়িয়ে কেটে রাখা পনিরগুলো ভেজে নিতে হবে।
আরও পড়ুন: কুড়কুড়ে দিয়ে খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন লইট্টা ফ্রাই, স্বাদ হবে দুর্দান্ত
- পনিরগুলো হালকা লাল হয়ে আসছেই তুলে নিতে হবে অন্য একটি পাত্রে এবার ওর মধ্যে কেটে রাখা আলু গুলোকে ভেজে নিতে হবে। অন্যদিকে চিনা বাদামগুলো ঠান্ডা হয়ে এলে এবার একটি ব্লেন্ডারের মাধ্যমে বেটে নিতে হবে।
- কড়াইতে সামান্য তেল গরম করে এবার আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে ঝাল অনুযায়ী কয়েকটি কাঁচা লঙ্কা এবং সাত থেকে আটটা কাজুবাদাম দিয়ে দিতে হবে। পুরো মশলাটা কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে।
- মশলা কষানোর পর সেটিকে একটি আলাদা বাটিতে তুলে নিয়ে কড়াইতে আরো একটু সাদা তেল গরম করে ওর মধ্যে গোটা গোলমরিচ ফোড়ন দিতে হবে। এরপর কষানো মশলাটা ঢেলে দিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার সময় নুন, চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
- গ্রেভিটা যখন ফুটতে থাকবে তখন ওর মধ্যে ভেজে রাখা আলু এবং পনিরগুলো ঢেলে দিতে হবে। ২-৩ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা কিনুয়াটা ঢেলে দিতে হবে। ব্যস ৭-৮ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর নামিয়ে নিতে হবে দারুণ স্বাদের কিনুয়া।










