প্রীতি পোদ্দার, কলকাতা: চপ-কাটলেট পছন্দ করেন না, এমন বাঙালির হদিস পাওয়া খুবই মুশকিল। সন্ধের পর যদি গরম গরম এক কাপ কফির সঙ্গে গরমাগরম ফ্রাই জাতীয় কিছু স্ন্যাকস (Evening Snacks) পাওয়া যায় তাহলে আর কী চাই। ভেটকি কিংবা তপসে মাছের ফ্রাই তো অনেক খেয়েছেন। আজকে বরং শিখে নিন কীভাবে লইট্টা কুড়কুড়ে (Loitta Kurkure) ফ্রাই বানানো যায়। রইল রেসিপি।
উপকরণ
লইট্টা কুড়কুড়ে ফ্রাই বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল- লইট্টা মাছ, কুড়কুড়ে চিপস, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস, ডিম, সাদা তেল।
রান্নার পদ্ধতি
রসুন পেঁয়াজ দিয়ে লইট্টা মাছের ঝুরো খেতে কম বেশি সকলেরই ভালো লাগে। কিন্তু অনেকেই লইট্টা কুড়কুড়ে ফ্রাই খায়নি। তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কীভাবে এই পদটি রান্না করা হয়।
- প্রথমে বাজার থেকে আনার লইট্টা মাছগুলোকে ভালো করে ধুয়ে লেজ এবং মাথা অর্ধেক করে মাঝখানের অংশটা আলাদা করে নিতে হবে। এরপর সেগুলি একটি শুকনো কাপড়ের মধ্যে ভালো করে জড়িয়ে নিয়ে আধ ঘন্টা মতো কোনো শক্ত জিনিস দিয়ে চাপা দিয়ে রাখতে হবে যাতে মাছগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়।
- এরপর দু’চারটে কুড়কুড়ের প্যাকেট থেকে সমস্ত চিপস বার করে নিয়ে সেগুলোকে গুঁড়ো করে নিতে হবে। খেয়াল করবেন যাতে দানাগুলো অতিরিক্ত গুঁড়ো না হয়ে যায় কিছু কিছু দানাও যেন একটু মোটা এবং বড় থাকে। মাছগুলো শুকিয়ে এলে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
- ম্যারিনেট করে রাখা মাছগুলোর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে আদাবাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো এবং পাতিলেবুর রস। সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিয়ে অন্তত 30 থেকে 35 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
আরও পড়ুন: অল্প সময়ে সন্ধ্যের টিফিনে বাড়িতেই বানিয়ে ফেলুন দইয়ের ফুলকি, স্বাদ হবে অতুলনীয়
- এবার একটি পাত্রে দুটো ডিম ফেটিয়ে নিতে হবে সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে। কড়াইতে বেশি করে তেল ভালো করে গরম করে নিতে হবে। এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলোর থেকে একেকটা পিস নিয়ে সেগুলোকে প্রথমে ডিমের গোলার মধ্যে চুবিয়ে চিপসের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে।
- কড়াইয়ে তেল গরম হয়ে এলে সেই মাছগুলোকে এবার ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে কুড়কুড়ে লইট্টা ফ্রাই। টমেটো সস অথবা কাসুন্দি দিয়ে খেতে খুবই ভালো লাগবে।










