প্রীতি পোদ্দার, কলকাতা: সন্ধ্যে হলেই মন যেন কেমন মচমচে খাবার খেতে চায়, কখনও ফুচকা, কখনও মোমো, কখনও চাউমিন, ফুচকা.. আহা কী স্বাদ.. কিন্তু সবসময় তো আবার বাইরের খাবার (Recipe) ঠিক নয় তাহলে শরীরের বারোটা বেজে যাবে। তাতে মন খারাপ করার দরকার নেই কোনো, কারণ অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই ভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে নিতে পারবেন সন্ধ্যের টিফিনের জন্য। যার মধ্যে অন্যতম হল দই ফুলকি (Doiyer Fulki)। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কীভাবে এই রেসিপি বানানো যায়।
উপকরণ
দই ফুলকি বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার, সেগুলি হল – ২ কাপ বেসন, ১ কাপ পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাকুচি, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে পাউডার, বেকিং সোডা, রসুন, শুকনো লঙ্কা, ৩০০ গ্রাম টক দই, বিট নুন, দুধ, চিনি, সাদা তেল।
রান্নার পদ্ধতি
দই ফুচকা বা দই বড়া আমরা কমবেশি সকলেই খেয়েছি। কিন্তু দই ফুলকি খুব একটা খাওয়া হয়নি অনেকের। এটি মূলত উত্তরপ্রদেশের এক জনপ্রিয় খাবার, যা বানাতে খুব কম উপকরণ লাগে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
- প্রথমে একটি পাত্রে বেসন, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কাকুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ওই মিশ্রণের মধ্যে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও জিরে পাউডার দিতে দিতে হবে। শেষের দিকে সামান্য বেকিং সোডা দিয়ে দিতে হবে যাতে ফুলুরিগুলো মচমচে হয়।
- এবার মিশ্রণের মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবার সেটিকে ঢাকা দিয়ে রাখতে হবে অন্তত ৩০ মিনিট। অন্যদিকে একটি ব্লেন্ডারে রসুনের কয়েকটি কোয়া এবং কয়েকটি শুকনো লঙ্কা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।
- এরপর একটি পাত্রে ৩০০ গ্রাম টক দই নিয়ে ওর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, বিট নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর শুকনো লঙ্কা এবং রসুনের মিশ্রণটা ঢেলে দিতে হবে। অন্তত ৫ মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মিশ্রণটাকে পাতলা করার জন্য ঢেলে নিতে হবে সামান্য দুধ। পুনরায় সম্পূর্ণটা ভালো করে মাখিয়ে নিতে হবে।
আরও পড়ুন: ঘরেই বানান দোকানের মতো মুচমুচে চিঁড়ের কাটলেট, রইল রেসিপি
- কড়াইতে এবার সাদা তেল গরম করে ঢেকে রাখা বেসনের মিশ্রণ থেকে ছোট ছোট ফুলরি গুলো ভালো করে মচমচে ভেজে নিতে হবে। এরপর যেহেতু দই দিয়ে ফুলুরি গুলো খেতে হবে, তাই সেগুলোকে আগে একটি নরম করে নিতে হবে। এরজন্য একটি বাটিতে জল নিয়ে ওর মধ্যে সামান্য চিনি মিশিয়ে নিতে হবে। এবং ওই জলের মধ্যেই ফুলুরি গুলো ভিজিয়ে রাখতে হবে অন্তত ৭-৮ মিনিট।
- সময় হয়ে এলে ফুলুরি গুলোর থেকে জল চিপে বের করে নিয়ে আলাদা পাত্রে রেখে দিতে হবে। এরপর সেগুলি দইয়ের মিশ্রণের মধ্যে ঢেলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ব্যস তাহলেই তৈরি দইয়ের ফুলকি। সন্ধ্যের টিফিনে খেতে লাগবে দুর্দান্ত।










