প্রীতি পোদ্দার, কলকাতা: বিধায়কদের সই জাল ঘটনার ডামাডোলের মাঝেই বড় পদক্ষেপ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। CID- র পাঠানো নোটিসকে চ্যালেঞ্জ করে এবার সরাসরি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। শুধু তাই নয়, একইসঙ্গে সিআইডি যাতে গ্রেফতার না করে, সেই রক্ষাকবচের আবেদন জানিয়েছেন তিনি। শুক্রবার শুনানি হওয়ার সম্ভাবনা।
CID কে চ্যালেঞ্জ ছুঁড়ে হাইকোর্টে অভিষেক
গত কয়েক দিন ধরেই বিধানসভায় সই জালকাণ্ড নিয়ে অস্বস্তি বাড়ছিল তৃণমূলের অন্দরে। আর সেই কারণে ‘বিধায়ক সই জাল কাণ্ড’ ঘটনার তদন্তে নেমেই CID তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল। কিন্তু সেই নোটিশকেই এবার সম্পূর্ণ ‘বেআইনি’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে চ্যালেঞ্জ করেছেন অভিষেক। জানা গিয়েছে, আজ, বুধবার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অপূর্ব সিনহা রায়ের এজলাসে এই মামলা দায়েরের অনুমতি চাইলেন তাঁর আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।
কবে হবে শুনানি?
জানা গিয়েছে, আদালতের দৃষ্টি আকর্ষণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন, CID অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিস পাঠিয়েছে, তা আইনত সঠিক নয়। তাই কলকাতা হাইকোর্ট যেন এই নোটিসটি খারিজ করে দেয়। পাশাপাশি মামলা চলাকালীন তাঁর বিরুদ্ধে যেন কোনো কঠোর আইনি পদক্ষেপ না নেওয়া হয়, তার জন্য আবেদন জানানো হয়। এদিকে মামলার গুরুত্ব বিবেচনা করে বিচারপতি অপূর্ব সিনহা রায় শেষ পর্যন্ত মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আদালত সূত্রে খবর, আগামী ৫ জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে যখন CID তাঁকে ভবানী ভবনে তলব করেছিল, তখন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন অভিষেক।
আরও পড়ুন: ভাঙল তৃণমূল! ৫৮ বিধায়কের সমর্থনে বিধানসভার নতুন বিরোধী দলনেতা হলেন ঋতব্রত
প্রসঙ্গত, গত সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সোনারপুরে যে ঘটনা ঘটেছে তা নিয়ে এখনও রাজনৈতিক মহলে বিতর্ক চলছে, এই অবস্থায় সই জাল কাণ্ড ঘটনায় এবার সিআইডি-র দেওয়া নোটিশকেই অভিষেকের সরাসরি আইনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ায় বেশ শোরগোল শুরু হয়েছে। অন্যদিকে এই মামলা নিয়ে চাপে রয়েছেন তদন্তকারীরা। কারণ আদালত যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দেয়, তবে সিআইডি-র তদন্ত প্রক্রিয়া বড়সড় ধাক্কা খাবে। এখন দেখার আদালত এই মামলায় কী রায় দেয়।










