দিল্লির টাটা কমিউনিকেশনের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, বড় ক্ষতির আশঙ্কা

Published:

tata communications fire

সহেলি মিত্র, কলকাতাঃ একটা ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও আগুনের গ্রাসে দিল্লি। জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে দিল্লির গ্রেটার কৈলাশ-১-এ অবস্থিত টাটা কমিউনিকেশনস অফিসে ভয়াবহ আগুন (Tata Communications Fire) লেগেছে। বহুতল ভবনটিতে আগুন লাগার ফলে বেশ কয়েকটি দমকল বাহিনীর গাড়ি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনায় দুইজন দমকল কর্মী আহত অবধি হয়েছেন বলে খবর।

ফের আগুনের গ্রাসে দিল্লি

শেষ পাওয়া খবর অনুযায়ী, কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভানোর সময় দুজন দমকলকর্মী আহত হন এবং পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। ভোর প্রায় ২:৪৭ মিনিটে, দমকল বিভাগ গ্রেটার কৈলাশ-১-এর সাবিত্রী সিনেমার বিপরীতে অবস্থিত টাটা কমিউনিকেশনস অফিসে আগুন লাগার খবর পায়। খবর পেয়ে দ্রুতি তিনটি ওয়াটার টেন্ডার, দুটি ওয়াটার বাউজার, একটি কিউআরভি, একটি মোটর পাম্প এবং একটি ব্রিদিং সাপোর্ট ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

সূত্রের খবর, দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান যে বহুতল ভবনটির ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতির ভয়াবহতা দেখে ভোর ৩:০১ মিনিটের দিকে আগুনটিকে ‘ম্যাক-৪’ হিসেবে ঘোষণা করা হয় এবং অতিরিক্ত অগ্নিনির্বাপক দল তলব করা হয়। এরপর মোট ১০টি ফায়ার ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা করেন। ভোর ৩:২৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য একটি অতিরিক্ত ওয়াটার ট্যাঙ্ক তলব করা হয়।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের নামে কাটমানি আদায়! কলকাতায় গ্রেফতার তৃণমূল নেতা

আহত দুই দমকল কর্মী

এদিকে আগুন নেভানোর সময় মথুরা রোড ফায়ার স্টেশনে কর্মরত দমকলকর্মী সন্দীপ ও সুরেশের হাতে অগ্নিদগ্ধ হন। আগুন নেভানোর সময় উভয় দমকলকর্মীই আহত হন। তাঁদের দ্রুত সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁরা চিকিৎসাধীন আছেন। কীভাবে আগুন লাগল তা নিয়ে এখন তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যাটারি রুমে আগুনের সূত্রপাত হয়। অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।