সহেলি মিত্র, কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা (DA Arrears) এবং মহার্ঘ ত্রাণ নিয়ে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। মৃত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের নমিনি এবং আইনগত উত্তরাধিকারীদের বকেয়া টাকা পাওয়ার আবেদন জমা দেওয়ার সময়সীমা আরও ৯০ দিন বাড়ানো হয়েছে। ১৮ নভেম্বর ২০২৬ তারিখে রাজ্যের অর্থ দফতরের পেনশন শাখা এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
মৃত সরকারি কর্মীদের পরিবারের জন্য সুখবর!
অর্থ দফতরের (Government of West Bengal) তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ/ডিআর প্রদানের জন্য মৃত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের নমিনি বা আইনগত উত্তরাধিকারীদের আবেদন জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল ২৩ মার্চ ২০২৬ তারিখের ৭৫-F(Pen) নম্বর মেমোর মাধ্যমে। সেই নির্দেশ অনুযায়ী, প্রয়োজনীয় নথি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ-সহ আবেদন জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারির দিন থেকে ১৮০ দিন সময় দেওয়া হয়েছিল।
তবে বকেয়া টাকা প্রদানের অগ্রগতি পর্যালোচনা করে অর্থ দফতর জানতে পেরেছে, প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে দেরি হওয়ায় বহু নমিনি ও আইনগত উত্তরাধিকারী নির্ধারিত ১৮০ দিনের মধ্যে আবেদন জমা দিতে পারেননি। তাঁদের সমস্যার কথা বিবেচনা করেই রাজ্যপাল আরও ৯০ দিন সময় বাড়ানোর অনুমোদন দিয়েছেন।
আরও পড়ুন: বাঁকুড়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা! জলের তোড়ে বসে গেল জয়পণ্ডা নদীর ব্রিজ
কোথায় আবেদন জমা দেবেন?
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৃত সরকারি কর্মচারীর ডিএ বকেয়ার জন্য সংশ্লিষ্ট অফিসের Head of Office (HOO)-এর কাছে আবেদন জমা দিতে হবে। অন্যদিকে, মৃত পেনশনভোগীর ডিআর বকেয়ার জন্য সংশ্লিষ্ট Pension Disbursing Authority (PDA)-এর কাছে আবেদন করতে হবে। বর্ধিত সময়সীমার মধ্যে জমা পড়া বৈধ আবেদনগুলি গ্রহণ করে আগের নির্দেশিকা অনুযায়ী প্রক্রিয়াকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।
তবে এই সময়সীমা বাড়ানো ছাড়া ২৩ মার্চ ২০২৬ তারিখের মূল বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তে কোনও পরিবর্তন করা হয়নি। ফলে যাঁরা এখনও আবেদন জমা দিতে পারেননি, তাঁরা প্রয়োজনীয় নথি ও ব্যাঙ্কের তথ্য প্রস্তুত করে বর্ধিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
ওই বিষয়গুলি মাথায় রাখুন
বিজ্ঞপ্তিতে ৯০ দিন সময় বাড়ানোর কথা বলা হয়েছে, তবে নতুন সময়সীমার নির্দিষ্ট শেষ তারিখ উল্লেখ করা হয়নি। তাই নিজে থেকে শেষ তারিখ নির্ধারণ না করে সংশ্লিষ্ট HOO বা PDA-র কাছে নিশ্চিত হওয়া ভালো।


