১০ লাখ থেকে ২৫৪ কোটি! ‘ধুরন্ধর’, ‘বর্ডার-২’-কে পিছনে ফেলল ‘হনুমান অংশ’

Published:

Hanuman Ansh Box Office

আনিষা চৌধুরী, কলকাতা: কাঁপছে বক্স অফিস, দর্শকদের মধ্যে রীতিমতো সাড়া ফেলেছে ‘হনুমান অংশ’। নিম করোলি বাবাকে ঘিরে প্রচলিত নানা কাহিনি থেকে অনুপ্রাণিত এই ছবিটি পরিচালনা করেছেন বিশাল চতুর্বেদী। ২ কোটি টাকার বাজেট নিয়ে তৈরি হয়েছিল এই ছবিটি। মুক্তির প্রথম দিন আয় করেছিল মাত্র ১০ লক্ষ টাকা। ফলে শুরুতে ছবিটির ভবিষ্যৎ নিয়ে খুব বেশি আশাবাদী ছিলেন না পরিচালক। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলে যায় পরিস্থিতি। আয় কমার বদলে, একের পর এক সপ্তাহে ছবির আয় বাড়তে থাকে এবং বর্তমানে ষষ্ঠ সপ্তাহেও প্রেক্ষাগৃহে বিপুল পরিমাণ দর্শকের ভিড়। কাজেই বলাই বাহুল্য সুপার ডুপার হিট ‘হনুমান অংশ’ (Hanuman Ansh)। শুধু তাই নয়, সাম্প্রতিক বক্স অফিসের হিসাব বলছে, বেশ কয়েকটি বড় বাজেটের ছবিকে পিছনে ফেলে দিয়েছে এই সিনেমা।

ষষ্ঠ সপ্তাহেও দাপট অব্যাহত

মুক্তির ছয় সপ্তাহ পরেও ছবিটিকে যে এত মানুষ গ্রহণ করবে এবং চড়চড়িয়ে বাড়বে আয়ের পারদ, তা হয়তো শুরুতে কেউ ভাবেননি। ষষ্ঠ শনিবার ভারতীয় বক্স অফিসে ‘হনুমান অংশ’-এর নেট আয় হয়েছে ১৮ কোটি ৫০ লক্ষ টাকা। পরের দিন অর্থাৎ রবিবার সেই অঙ্ক আরও বেড়ে দাঁড়ায় ২২ কোটি ৫০ লক্ষ টাকায়। অর্থাৎ ষষ্ঠ সপ্তাহের শনি ও রবিবার মিলিয়ে ছবিটির নেট আয় ৪১ কোটি টাকা। গ্রস হিসাব ধরলে সেই অঙ্ক প্রায় ৫০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। এই জায়গাতেই ছবিটি একাধিক বড় তারকার সিনেমাকে এক ধাক্কায় অনেকটা পিছনে ফেলেছে।

‘হনুমান অংশ’-এর বক্স অফিস যাত্রায় সবচেয়ে বড় চমক এসেছে এর ধারাবাহিকতায়। প্রথম সপ্তাহান্তে এই সিনেমা থেকে মাত্র ১ কোটি ৮ লক্ষ টাকা আয় হয়েছিল। এরপর দ্বিতীয় সপ্তাহে ছবির সংগ্রহ নেমে যায় ৪০ লক্ষে। তারপরই ঘুরে যায় ভাগ্যের চাকা আর আচমকাই ছবির ব্যবসায় বড় পরিবর্তন চোখে পড়ে। তৃতীয় সপ্তাহে আয় বেড়ে হয় ১০ কোটি ৪০ লক্ষ টাকা। চতুর্থ সপ্তাহে ছবিটি ৬১ কোটি টাকা এবং পঞ্চম সপ্তাহে ৯০ কোটি ২৫ লক্ষ টাকা আয় করে। ষষ্ঠ সপ্তাহের রবিবার পর্যন্ত ছবিটির মোট গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ২৫৪ কোটি ১৮ লক্ষ টাকা। অর্থাৎ মাত্র ২ কোটি টাকার নির্মাণ খরচের তুলনায় ছবিটির ব্যবসা এখন অনেকটাই বেশি।

আরও পড়ুন: কালীঘাট মন্দিরে গয়না চুরির অভিযোগে সুপ্রিম কোর্টে চিঠি, CBI-র দাবি সাবর্ণ পরিবারের

‘ধুরন্ধর-২’, ‘ভূত বাংলা’, ‘বর্ডার-২’-কে মাত

ষষ্ঠ সপ্তাহের উইকএন্ডের হিসাবেও ‘হনুমান অংশ’-এর সামনে অনেকটা পিছিয়ে রয়েছে বেশ কিছু বড় বাজেটের ছবি। রণবীর সিংয়ের ‘ধুরন্ধর-২’ ষষ্ঠ শনিবার ৩ কোটি ৬০ লক্ষ এবং রবিবার ৪ কোটি ৮ লক্ষ টাকা আয় করেছিল। অর্থাৎ সেই সপ্তাহান্তে মোট সংগ্রহ ছিল ৭ কোটি ৬৮ লক্ষ টাকা। অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ ষষ্ঠ শনিবার ১ কোটি এবং রবিবার ১ কোটি ৩৫ লক্ষ টাকা আয় করে। অন্যদিকে সানি দেওলের ‘বর্ডার-২’-এর ষষ্ঠ শনিবার ও রবিবারের আয় ছিল যথাক্রমে ৩০ ও ৩৫ লক্ষ টাকা। সেই তুলনায় ‘হনুমান অংশ’-এর ব্যবসা নিঃসন্দেহে অনেকখানি এগিয়ে রয়েছে। ছবিটির সাফল্যের পর ইতিমধ্যেই দ্বিতীয় পর্বের ঘোষণাও করে দিয়েছে কর্তৃপক্ষ। প্রথম ছবির অসামান্য সাফল্যের পর, দ্বিতীয় পর্ব দর্শকদের কতটা টানতে পারে, সেটাই দেখার বিষয়।