সৌভিক মুখার্জী, কলকাতা: পরিচয় গোপন রেখে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেওয়ার অভিযোগে গ্রেফতার এক বাংলাদেশি (Bangladeshi)। দেশের অন্যতম সংবেদনশীল প্রতিরক্ষা সংস্থা কেরালার এঝিমালা নৌ একাডেমিতে জাল ভারতীয় নথি ব্যবহার করে চুক্তির ভিত্তিতে কর্মরত ওই ৩২ বছর বয়সী বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। অভিযোগ, বিগত এক বছর ধরেই অভিযুক্ত বিপ্লব সোরেন নিজের আসল জাতীয়তা গোপন করে নেভাল একাডেমির লন্ড্রি বিভাগে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করছিলেন।
সন্দেহজনক কার্যকলাপে গ্রেফতার বাংলাদেশি যুবক
বিগত কয়েক বছর ধরে অনুপ্রবেশকারীদের দাপট যেন বেড়েই চলেছে। সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও পুরোপুরিভাবে এখনও পর্যন্ত নির্মূল হয়নি অনুপ্রবেশ। নৌবাহিনীর সূত্রে জানা গিয়েছে, এঝিমালা একাডেমির ভেতরে বিপ্লবের সন্দেহজনক কার্যকলাপ প্রথমে নিরাপত্তা কর্মীদের নজরে আসে। তারপরেই তাঁকে গোপন নজরদারিতে রাখা হয়। সন্দেহ নিশ্চিত হওয়ার পরপরই নৌবাহিনীর নিরাপত্তা দল তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তবে তিনি কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
পরে তাঁর মোবাইল ফোন সহ অন্যান্য তথ্য পরীক্ষা করে বেশ কিছু নথি এবং ছবি উদ্ধার করা হয়, যেখান থেকে প্রমাণ মেলে যে তিনি আসলে একজন বাংলাদেশি নাগরিক। নৌ কর্মকর্তাদের প্রাথমিক যাচাই আর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির দেওয়া তথ্যের ভিত্তিতেই শুক্রবার রাত ৮:১৫ মিনিট নাগাদ তাঁকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে পরিচয় গোপন রেখে দেশের এমন একটি সংবেদনশীল প্রতিরক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ১ বছর ধরে কর্মরত বিদেশি নাগরিকের গ্রেফতারির ঘটনা নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলছে।
আরও পড়ুন: ঘাটতি নয়, জোগানে সম্পূর্ণ স্বনির্ভর বাংলা! এবার NTPC-কে কয়লা বিক্রি করছে সরকার
তদন্তকারী সংস্থাগুলি এখন জানার চেষ্টা করছে যে, কীভাবে ওই ব্যক্তি ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল ভারতীয় নথিও বা কীভাবে তৈরি করেছিলেন। এমনকি নৌ একাডেমিতে চুক্তিভিত্তিক শ্রমিক সরবরাহকারী ঠিকাদার সংস্থাগুলি কীভাবে তাঁকে পুলিশি যাচাই ছাড়া কাজ করার অনুমতি দিল তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। এছাড়া এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।










