অনন্যা সরকার, কলকাতা: অক্টোবর মাস শুরু হয়ে গিয়েছে। সামনেই উৎসবের মরসুম। অনেকেই পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে রাখেন। কিন্তু এসময় ভ্রমণের পরিকল্পনা করলে খরচ কিছুটা বেশি হতে পারে। কেননা, তেল কোম্পানিগুলো উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম (ATF Price Hike) ১৩ শতাংশের বেশি বাড়িয়েছে। একটি বিমান সংস্থা পরিচালনার ক্ষেত্রে জ্বালানির খরচ সবচেয়ে বেশি হয়। তাই জ্বালানির দাম বাড়লে বিমান সংস্থাগুলো বিমান ভাড়াও বাড়াতে বাধ্য হয়। এবারও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। এর পাশাপাশি, কোম্পানিগুলো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (Commercial LPG Cylinder) দামও বাড়িয়েছে। কিন্তু ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক, তেল কোম্পানিগুলো জেট ফুয়েলের দাম কতটা বৃদ্ধি করেছে।
কত বাড়ালো জেট ফুয়েলের দাম?
রাষ্ট্রীয় তেল সংস্থাগুলো জানাচ্ছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়েছে। ফলে বৃহস্পতিবার থেকে এভিয়েশন টারবাইন ফুয়েলের (ATF) দাম লিটার প্রতি ১৬ টাকা করে বাড়ানো হয়েছে। তেল সংস্থা সূত্রে জানা গেছে, ডোমেস্টিক বিমান সংস্থাগুলোর জন্য এটিএফ-এর দাম লিটার প্রতি ১২১ টাকা থেকে বাড়িয়ে ১৩৭ টাকা করা হয়েছে। সেপ্টেম্বরেই লিটার প্রতি ৬.২৮ টাকা (৫.৪৬ শতাংশ) বেড়েছিল দাম। এ আগে আগস্ট মাসে লিটার প্রতি ৫ টাকা দাম বাড়ে। অর্থাৎ, টানা তিন মাস ধরে জেট ফুয়েলের দাম লিটার প্রতি ২৭ টাকা, অর্থাৎ প্রায় ২৫ শতাংশ বেড়েছে। বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয়ের একটা বড় অংশ, প্রায় ৪০ শতাংশ পর্যন্ত এটিএফ-এর পেছনে খরচ হয়। ফলে জ্বালানির দাম বৃদ্ধি যাত্রার খরচ বৃদ্ধির দিকে ইঙ্গিত করছে।
এদিকে, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (Commercial LPG Cylinder) দাম ৬২.৫৯ টাকা বাড়ানো হয়েছে। এর আগে আগস্ট মাসে ১৯২ টাকা এবং জুলাইয়ে ১৮৩.৫০ টাকা দাম কমানোর পর, সেপ্টেম্বরে ১৯ কেজি সিলিন্ডার প্রতি বাণিজ্যিক এলপিজির দাম ৯.৫০ টাকা বাড়ানো হয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বাধা-বিঘ্ন এবং আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে বাণিজ্যিক এলপিজির দাম আকাশ ছুঁয়েছিল। জুলাই ও আগস্টে দাম কমার আগে, ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১,৩৭৩ টাকা বেড়ে ১,৭৪০.৫০ টাকা থেকে ৩,১১৩.৫০ টাকায় পৌঁছেছিল।
আরও পড়ুন: সরকার বদলেই বড় উপহার! মন্ত্রীদের জন্য একসঙ্গে ১৫১টি নয়া গাড়ি কেনার উদ্যোগ নিল নবান্ন
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রাইস এবং রুপি-ডলার এক্সচেঞ্জ রেটের ওঠানামার ওপর ভিত্তি করে জ্বালানির দামও কমে বাড়ে। এটিএফ এবং এলপিজি-র দাম প্রতি মাসের এক তারিখে সংশোধন করা হয় এবং ভ্যাটের মতো স্থানীয় করের কারণে রাজ্যভেদে এগুলির দামের তারতম্য হতে পারে। ১৪.২ কেজির ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম আগের মতো ৯৪২ টাকাই রাখা হয়েছে। প্রসঙ্গত, পশ্চিম এশিয়া সংকট এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় মার্চ থেকে জুনের মধ্যে ঘরোয়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৮৯ টাকা বাড়ানো হয়। গত মে মাসে প্রতি লিটারে প্রায় ৭.৫০ টাকা বাড়ানো পর, পেট্রোল এবং ডিজেলের দামও এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।










