দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, বহু প্রাণহানির আশঙ্কা, ধ্বংসস্তূপে আটকে শিশুরাও

Published:

SATYA NIKETAN

আনিষা চৌধুরী, কলকাতা: চোখের নিমিষে ঘটে গেল এক ভয়ংকর দুর্ঘটনা। দিল্লির (Delhi) সত্য নিকেতন এলাকায় রবিবার দুপুরে আচমকাই ভেঙে পড়েছে একটি আস্ত বিল্ডিং। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে একালায়। দক্ষিণ-পশ্চিম দিল্লির এই এলাকায় বহু পড়ুয়া পিজি ও হস্টেলে থাকেন। প্রাথমিক খবর অনুযায়ী, ভেঙে পড়া বিল্ডিংটিতেও একাধিক ছাত্র থাকতেন। দুর্ঘটনার পর কয়েকজন ছাত্র-ছাত্রীর ওই ধ্বংসস্তূপের নীচে আটকে থাকার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ঠিক কতজন সেখানে ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে NDRF

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ ও দমকল বাহিনী। শুরু হয় উদ্ধার ও তল্লাশির কাজ। পরে উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF-ও যুক্ত হয়েছে বলে খবর। ধ্বংসস্তূপ সরিয়ে ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, সেটাই এখন তদন্তের মূল লক্ষ্য। উদ্ধারকারীরা খুব সাবধানে কাজ করছেন, যাতে ভিতরে থাকা ব্যক্তিদের তাড়াতাড়ি বাইরে বের করে আনা যায়।

স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে জানা যাচ্ছে, ঘটনাটি আচমকাই ঘটে। বিল্ডিং ভেঙে পড়ার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বিল্ডিংটির কাঠামো, নির্মাণকাজ বা অন্য কোনও কারণে এই ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: চিনকে জোর ধাক্কা! শ্রীলঙ্কার কৌশলগত কাঙ্কেসানথুরাই বন্দর পাওয়ার পথে ভারত

এই মুহূর্তে উদ্ধারকাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কতজন ভিতরে ছিলেন এবং তাঁদের মধ্যে কতজনকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। উদ্ধারকাজ শেষ হওয়ার পরই দুর্ঘটনার পুরো ছবি আরও পরিষ্কার হবে।