বিগ ব্রেকিং! জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা, হাই অ্যালার্ট জম্মু-কাশ্মীরে

Published:

Amarnath Yatra Suspend

প্রীতি পোদ্দার, কলকাতা: এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, হাই অ্যালার্ট জারি হল জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)। জঙ্গি হামলার আশঙ্কায় আপাতত বাতিল করা হল অমরনাথ যাত্রা (Amarnath Yatra Suspend)। জানা গিয়েছে, আজ, বুধবার, ৫ আগস্ট জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা (Amarnath Yatra) স্থগিত করা হয়েছে। আসলে গত কয়েক সপ্তাহে জম্মু ও কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে, তাই অপ্রীতিকর ঘটনা যাতে পুনরায় না ঘটে এবং পুণ্যার্থীদের সুস্থতার কথা মাথায় রেখে এই চাঞ্চল্যকর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিত অমরনাথ যাত্রা

পহেলগাঁও কাণ্ডের ঘটনায় এখনও আতঙ্ক কাটেনি দেশবাসীর। তাই শুরু থেকেই স্বাভাবিক ভাবেই অমরনাথ যাত্রার নিরাপত্তায় বিশেষ ভাবে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে অনেক আগেই উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকও করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে অমরনাথ যাত্রার সময়ে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে তাই এ বার ৫০ হাজারেরও বেশি সেনা মোতায়েন করা হবে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থাও থাকবে। কিন্তু এত কিছুর পরও জম্মু ও কাশ্মীর প্রশাসন মাঝপথে জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত করল অমরনাথ যাত্রা।

৩৭০ ধারা বাতিলের সপ্তম বছর পূর্ণ হল আজ

আচমকা এই অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়ার পিছনে মূল কারণ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আসলে ২০১৯ সালের আজকের দিনেই জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা ৩৭০ ধারা বাতিল করে দিয়েছিল মোদী সরকার। পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল। সেই সিদ্ধান্তের আজ সপ্তম বছর পূর্ণ হচ্ছে, আর সেই কারণে উপত্যকায় জঙ্গি হামলার আশঙ্কা পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই সেখানকার রাজনৈতিক পারদ চড়েছে চরমে। পিপলস ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বিভিন্ন জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এমনকি প্রতীকী প্রতিবাদ হিসেবে ১৫ মিনিটের ব্ল্যাকআউটেরও ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল, আইনি রক্ষাকবচের আবেদন বীরভূমের বেতাজ বাদশার!

অন্যদিকে প্রশাসনের এই নির্দেশের ফলে ইতিমধ্যেই কাশ্মীর উপত্যকার দিকে যাওয়া সমস্ত তীর্থযাত্রী এবং জম্মুর অভিমুখে আসা যানবাহনগুলোকে মাঝপথেই আটকে দেওয়া হয়েছে। শুধুমাত্র বালতাল বেস ক্যাম্পের পুণ্যার্থীদের কঠোর নিরাপত্তার বেড়াজালে ঘেরা অমরনাথের উদ্দেশে যাত্রা করার সীমিত অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ সড়ক এবং স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে। সবমিলিয়ে আপাতত উদ্বেগের মধ্যে রয়েছে স্থানীয়রা।