কেজি থেকে পিজি, সরকারি স্কুল-কলেজে বিনামূল্যে পড়াশোনা! ঘোষণা রাজ্য সরকারের

Published:

Free Education

সৌভিক মুখার্জী, কলকাতা: ছাত্র-ছাত্রীদের জন্য বিরাট ঘোষণা রাজ্য সরকারের। এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কেজি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে (Free Education) করানো হবে। হ্যাঁ, শুক্রবার বিজেপি সরকারের দ্বিবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Mohan Charan Majhi)। তাঁর এই ঘোষণার পরই উৎসাহ দ্বিগুণ বেড়েছে রাজ্যের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং মেয়েদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই সিদ্ধান্ত বিরাট উপকরে আসবে বলেই অনুমান।

শিক্ষাকে সহজলভ্য করার বিরাট উদ্যোগ

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার চায়, শিক্ষা যেন সত্যিই সর্বজনীন এবং বিনামূল্যে হয়। সেই লক্ষ্য নিয়েই এবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর কথায়, কেজি থেকে পিজি পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনও পড়ুয়ার কাছে আর্থিক বোঝা বাধা না হয়ে দাঁড়ায় সেদিকেই নজরদারি করছে সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, এই সিদ্ধান্তের ফলে বহু পরিবার স্বস্তি পাবে। অনেক পড়ুয়া অর্থাভাবে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু নতুন এই উদ্যোগ সেই সমস্যা থেকে মুক্তি দেবে।

এদিকে শিক্ষার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিয়েও বড় ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা চালু করা হবে। এর মাধ্যমে জাতীয় খাদ্য সুরক্ষা আইন এবং রাজ্যের খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত সমস্ত উপভোক্তাকে প্রতি মাসে অতিরিক্ত ৫ কেজি করে চাল দেওয়া হবে। তাও সম্পূর্ণ বিনামুল্যে। অর্থাৎ বর্তমানে যে পরিমাণ চাল দেওয়া হচ্ছে, তার সঙ্গে আরও ৫ কেজি যুক্ত হবে। ফলে মোট ১০ কেজি করে বিনামূল্যে চাল পাবেন উপভোক্তারা। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রকল্পে ৩.২৮ কোটি মানুষ উপকৃত হবে, যা রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ। তবে এর জন্য বছরে প্রায় ৮৮১৩ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে রাজ্যের, এমনটা জানিয়েছে সরকার।

আরও পড়ুন: রেডি থাকুন! এবার বাড়বে বিদ্যুতের বিল, মিলল সারচার্জ বৃদ্ধির অনুমতি

শিক্ষাক্ষেত্রে আরও বড় পরিকল্পনা

এদিকে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, গত দুই বছর শিক্ষাক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা আলোচনা হয়েছে। যার মধ্যে অন্যতম হলো জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন। সরকারের দাবি, রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে এই নীতি কার্যকর সম্ভব হয়নি। কিন্তু বর্তমানে সরকার সেটি বাস্তবায়নের দিকেই এগোচ্ছে। এছাড়াও প্রতিটি পঞ্চায়েতে গোদাবরীশ মিশ্র মডেল প্রাইমারি স্কুল তৈরির কাজ চলছে। প্রথম ধাপে মোট ২২০০টি স্কুল গড়ে তোলা হবে। ইতিমধ্যেই ৩২২টি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী।