বাড়ল দাম, পেঁয়াজ চাষিদের সুখবর শোনাল সরকার

Published:

Onion price

অনন্যা সরকার, নয়া দিল্লি: কৃষিজীবীদের আয় যাতে বৃদ্ধি পায় এবং তাদের ফসলের সঠিক দাম পাওয়া থেকে বঞ্চিত না হতে হয়, তাই বাফার স্টকের (Buffer Stock) দাম বেঁধে দেয় সরকার। বর্তমানে বাফার স্টক কর্মসূচির আওতায় পেঁয়াজের ক্রয়মূল্য (Onion Price) বাড়িয়েছে সরকার। এখন কেজি প্রতি ১৬.৫০ টাকা মূল্যে পেঁয়াজ কেনা হবে, আগে যা ১৫.৮০ টাকা ছিল। এই সংশোধিত দল গত শনিবার থেকে কার্যকর হয়েছে। এর আগে ১২.৭০ টাকা থেকে ১৫.৮০ টাকা দাম বাড়ানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। উল্লেখ্য যে, বাজার নিয়ন্ত্রণের জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড (PSF)-এর অধীনে প্রতি বছর বাফার স্টক রক্ষণাবেক্ষণ করে সরকার। এবছর ২ লক্ষ টন স্টক মজুদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা ২০২৫-২৬ অর্থবর্ষে কেনা ৩ লক্ষ টনের চেয়ে কম। গত ১৫ মে থেকে এই মরশুমের পেঁয়াজ সংগ্রহ শুরু হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী বৈঠকে ঠিক করলেন নতুন দর

গত বৃহস্পতিবার (১১ জুন) কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী (Prahlad Joshi) উপভোক্তা বিষয়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন, যার উদ্দেশ্য ছিল পেঁয়াজ সংগ্রহ ব্যবস্থার উন্নতি এবং কৃষকদের জন্য ভালো দাম নিশ্চিত করা। গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে প্রহ্লাদ যোশী জানিয়েছেন যে, সংরক্ষণযোগ্য পেঁয়াজের বর্তমান বাজার দর এবং গুণগত মানের ওপর ভিত্তি করে, ন্যূনতম নিশ্চিত সংগ্রহ মূল্য (MAPP) সংশোধন করে ১,৬৫০ টাকা করা হয়েছে, যা আগামী ১৩ জুন থেকে কার্যকর হবে।

আরও পড়ুনঃ দিঘায় পর্যটকদের আর দিতে হবে না চাঁদা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

খাদ্য ও গণবন্টন মন্ত্রী এও বলেছেন যে, ক্রয় প্রক্রিয়াকে বাজারের অবস্থার সাথে আরও সামঞ্জস্যপূর্ণ করে তোলার জন্য মূল্য নির্ধারণ প্রক্রিয়ারও উন্নতি করা হয়েছে। জানিয়ে রাখি, এই মূল্য সংশোধনের আগে মহারাষ্ট্রের কৃষকরা প্রতি কুইন্টাল পেঁয়াজের ন্যূনতম সংগ্রহমূল্য ৩,০০০ টাকা (প্রতি কেজি ৩০ টাকা) দাবি করছিলেন। তার বলেন, ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NAFED) এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন অফ ইন্ডিয়া (NCCF)-এর ঠিক করে দেওয়া প্রতি কুইন্টাল ১,৫৮০ টাকার সংগ্রহ মূল্য বর্তমান বাজার পরিস্থিতির হিসাবে অনেক কম এবং চাষের খরচ মেটানোর জন্য পর্যাপ্ত নয়।

সরকার চাষীদের থেকে কেন কেনে পেঁয়াজ?

সরকার প্রতি বছর পেঁয়াজ কিনে একটি বাফার স্টক তৈরি করে, যার প্রধান উদ্দেশ্য হল বাজার দর নিয়ন্ত্রণ করা এবং বাজারে ঘাটতির সময় মজুত থাকা ফসল সরবরাহ করে ক্রেতাদের স্বস্তি দেওয়া। কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পাইয়ে দেওয়ার জন্যও সরকার পেঁয়াজ কিনে থাকে।