হরমুজে ১১ জন ভারতীয়র পণ্যবাহী জাহাজে হামলা, নিখোঁজ এক! কড়া বার্তা দিল ভারত

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার ভোরে হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) ফের হামলার মুখে পড়েন ভারতীয়রা। এদিন সাইপ্রাসের পতাকাবাহী ইরানের তরফে যে জাহাজটিতে জোরালো হামলা হয়েছিল তাতে উপস্থিত ছিলেন অন্তত 11 জন ভারতীয়। তাঁদের মধ্যে 10 জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ একজন। হামলার তীব্র নিন্দা জানিয়ে কঠোর বিবৃতি দিয়েছে ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতিতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হরমুজ প্রণালীতে শান্তি ফেরানোর দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে ঠিক কী জানাল ভারত?

রবিবার, সাইপ্রাসের পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় বিবৃতি জারি করে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, “ওমান উপকূলের কাছে হরমুজে যে জিএফএস গ্যালাক্সি পণ্যবাহী জাহাজটিতে হামলা চালানো হয়েছিল তাতে 11 জন ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে থেকে 10 জনকে সফলভাবে উদ্ধার করা গিয়েছে। আপাতত একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ওমানে উপস্থিত ভারতীয় দূতাবাস গোটা বিষয়টির উপর কড়া নজর রেখেছে। বর্তমানে নিখোঁজ ব্যক্তির তল্লাশি চালানো হচ্ছে। এ বিষয়ে সব রকম সাহায্য করছে ওমান কর্তৃপক্ষ।”

এদিন হরমুজ প্রণালীতে বিশেষ করে ওমান উপকূলের পার্শ্ববর্তী এলাকায় পণ্যবাহী জাহাজগুলির উপর ক্রমাগত আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানায় ভারতীয় বিদেশমন্ত্রক। মন্ত্রকের ওই বিবৃতিতে বলা হয়, ” ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর ক্রমাগত হামলা হচ্ছে। এই ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে ওই অঞ্চল সহ গোটা পশ্চিম এশিয়ায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।”

অবশ্যই পড়ুন: টানা দুই সিরিজ হেরে টিম ইন্ডিয়ায় ভাঙন, দল ছাড়ছেন গম্ভীরের দুই সহকারী!

ভারতের তরফে এ-ও বলা হয়, যত দ্রুত সম্ভব কূটনৈতিকভাবে আলোচনার মধ্যে দিয়ে সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে। কিন্তু এভাবে চলতে পারে না। বিগত দিনগুলিতে পশ্চিম এশিয়ার যুদ্ধের ধাক্কা এসে পড়েছিল ভারতের জাহাজেও। যেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নয়া দিল্লি। এবার নতুন করে হরমুজে ভারতীয়রা আক্রান্ত হওয়া একেবারে কঠিন শব্দে জবাব দিল কেন্দ্রীয় সরকার।