আনিষা চৌধুরী, কলকাতা: দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক রেলবাজারেও নিজেদের জায়গা তৈরি করতে চলেছে বন্দে ভারত (Vande Bharat)। সুইজারল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জার্মানি ও ইতালির মতো একাধিক দেশে ইতিমধ্যেই বন্দে ভারত ট্রেনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ রফতানি করা হচ্ছে। আগামী তিন থেকে চার বছরের মধ্যে সম্পূর্ণ বন্দে ভারত ট্রেনও বিদেশে রফতানি শুরু করার পরিকল্পনা রয়েছে ভারতের। ১ নভেম্বর বেঙ্গালুরু-মুম্বই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
কী পরিকল্পনা রেলমন্ত্রীর?
রেলমন্ত্রী জানান, বন্দে ভারত ট্রেনের কোচ, প্রপালশন সিস্টেম এবং বগির মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ইতিমধ্যেই বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে। আগামী দিনে সম্পূর্ণ ট্রেনও আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাঁর কথায়, বন্দে ভারত ট্রেনের প্রতিটি নতুন সংস্করণ তৈরির সময় আগের সংস্করণের খুঁটিনাটি পর্যবেক্ষণ করে সেখান থেকে শিক্ষা নিয়ে প্রযুক্তি ও নকশা আরও উন্নত করা হচ্ছে।
বিদেশের রেল নেটওয়ার্কে বন্দে ভারতকে নিয়ে যাওয়ার জন্য প্রযুক্তিগত প্রস্তুতিও শুরু হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিদেশের রেলপথের উপযোগী করে তুলতে বন্দে ভারতের স্ট্যান্ডার্ড গেজ সংস্করণ তৈরির কাজ করছে রাইটস (RITES)। উল্লেখ্য, ভারতে বর্তমানে বন্দে ভারত চলে ব্রড গেজ লাইনে। কিন্তু বিশ্বের একাধিক দেশে স্ট্যান্ডার্ড গেজ রেলপথ ব্যবহৃত হয়। ফলে বিদেশে সম্পূর্ণ ট্রেন রফতানির ক্ষেত্রে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এদিকে, ১ নভেম্বর বেঙ্গালুরু থেকে মুম্বই পর্যন্ত নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করেন অশ্বিনী বৈষ্ণব। তাঁর বক্তব্য, “এই পরিষেবা দেশের তথ্যপ্রযুক্তি ও স্টার্টআপের অন্যতম কেন্দ্র বেঙ্গালুরুর সঙ্গে দেশের আর্থিক রাজধানী মুম্বইয়ের যোগাযোগকে আরও উন্নত করবে। প্রায় ১,১১৮ কিলোমিটার পথ পাড়ি দিতে ট্রেনটির সময় লাগবে প্রায় ১৬ ঘণ্টা। ১৬টি কোচের এই ট্রেনে মোট ৮২৩টি বার্থ রয়েছে। ফার্স্ট এসি, সেকেন্ড এসি এবং থার্ড এসি, তিন ধরনের যাত্রার ব্যবস্থা থাকছে।”
নতুন স্লিপার ট্রেনে যাত্রীদের আরামের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। মাঝের ও উপরের বার্থে ওঠানামার সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি যাত্রাপথে ঝাঁকুনি কমাতে উন্নত কাপলার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ২ নভেম্বর মুম্বই থেকে এবং ৩ নভেম্বর বেঙ্গালুরু থেকে এই ট্রেনটির পরিষেবা শুরু হওয়ার কথা। এই ট্রেনটির দৌলতে আগের তুলনায় প্রায় ৩০ মিনিটের মতো সময় সাশ্রয় করা যাবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী ভি সোমান্না। শুধু বেঙ্গালুরু-মুম্বই নয়, কর্নাটকের জন্য আরও একটি বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। তাঁর ঘোষণা অনুযায়ী, পরবর্তী স্লিপার ট্রেনটি বেঙ্গালুরু থেকে যাত্রা শুরু করে উত্তর কর্নাটকের বিভিন্ন অঞ্চল হয়ে হুবলি পর্যন্ত যাবে। পরে পুনে হয়ে মুম্বইয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। এর ফলে উত্তর কর্নাটকের এমন কিছু অঞ্চলেও উন্নত রেল পরিষেবা পৌঁছবে, যেখানে এখনও এই ধরনের পরিষেবা জায়গা করে উঠতে পারেনি।
আরও পড়ুন: “মানুষ আমাকে ছাড়তে চায় না” অবসর নিয়ে অবস্থান বদল হুমায়ুনের
এছাড়াও বেঙ্গালুরু থেকে ম্যাঙ্গালুরু পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালুর ঘোষণা করেছেন রেলমন্ত্রী। তাঁর বক্তব্য, এই রুটে যাবতীয় প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বেঙ্গালুরু-ম্যাঙ্গালুরু বন্দে ভারত পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। এর ফলে উপকূলীয় কর্নাটকের সঙ্গে রাজ্যের রাজধানীর যোগাযোগ আরও দ্রুত হবে।










