শত্রু হামলা চালালে একে ওপরের ভূখণ্ড ব্যবহার করতে পারবে ভারত-রাশিয়া, হল বড় চুক্তি

Published:

India-Russia Contract

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা বিশ্বে যুদ্ধ যুদ্ধ আবহ, ব্যাপক অস্থিরতার মধ্যেও নিজেদের বন্ধুত্ব অটুট রেখেছে ভারত এবং রাশিয়া (India-Russia Contract)। প্রয়োজনে একে অপরের সমস্যায় ঝাঁপিয়ে পড়ে এই দুই দেশ। তার প্রমাণ মিলেছে বিগত দিনগুলিতে। তবে শুধু যৌথ উদ্যোগে অস্ত্র, সামরিক সরঞ্জাম নির্মাণ কিংবা প্রযুক্তি হস্তান্তর নয়, বরং শত্রু হামলা চালালে অর্থাৎ সম্ভাব্য সংঘাত পরিস্থিতিতে একে অপরের ভূখণ্ড বা জমি এবং সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে ভারত ও রাশিয়া। সেই মর্মে, গত বছরের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে হওয়া চুক্তিতে পারস্পরিক সহযোগিতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়।

রাশিয়া এবং ভারতের মধ্যে বিশেষ চুক্তি সম্পন্ন হয়েছে

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, রাশিয়া এবং ভারতের মধ্যে যে বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তি অনুযায়ী উভয় দেশের সেনা কর্মীরা দুই দেশের ভূখণ্ড এবং সামরিক কাঠামো সহ অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যবহার করতে পারবে। একই সাথে প্রয়োজনে দুই দেশ একে অপরের ভূখণ্ডে যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান পাঠাতে পারবে। গতকাল অর্থাৎ শুক্রবার সরকারিভাবে এই সংক্রান্ত চুক্তির শর্তাবলী প্রকাশ করেছে মস্কো।

রাশিয়ার সরকারের তরফে দাবি করা হয়েছে, যেকোনও কঠিন পরিস্থিতিতে যৌথ মহড়া থেকে শুরু করে মানবিক সহায়তা প্রদান, প্রশিক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ এমনকি শত্রুদের হামলার সময় ভারত এবং রাশিয়া দুই দেশ একে অপরের সামরিক পরিকাঠামো নির্দ্বিধায় ব্যবহার করতে পারবে। একই সাথে রাশিয়ার তরফে এও উল্লেখ করা হয়, দুই দেশের মধ্যে যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী উভয় দেশ একে অপরের আকাশসীমা ব্যবহার করতে পারবে। সব মিলিয়ে বলাই যায়, ভারতের উপর যদি কোনও শত্রু দেশের হামলা হয় সেক্ষেত্রে ভারত রাশিয়ার ভূখণ্ড এবং সামরিক পরিকাঠামো ব্যবহার করে তা প্রতিহত করতে পারবে। সে পাকিস্তান হোক কিংবা চিন।

অবশ্যই পড়ুন: ডিলিমিটেশন বিল পাসে ব্যর্থ কেন্দ্র, তাহলে কি POK ফেরাতে পারবে না ভারত?

উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে ভারত সফর করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কয়েক দফা বৈঠক হয় তাঁর। সেই বৈঠকের সময়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল। পরবর্তীতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর চূড়ান্ত বৈঠকের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতার চূড়ান্ত রূপরেখা ঠিক হয়। এছাড়াও ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের যেসব অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম তৈরি হয় সেগুলি ভারত অন্যান্য দেশের কাছে রপ্তানি করতে পারবে, সেই ছাড়পত্র দেয় রাশিয়া।