“সুসম্পর্কের সুবিধা নিয়েছে!” হরমুজে ভারতের জাহাজে হামলার পর মুখ খুলল ইরান

Published:

Iran On India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত 18 তারিখ হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) ভারতের পতাকা লাগানো দুই জাহাজে ভয়াবহ হামলা চালায় ইরানের সেনাবাহিনী (Iran On India)। এমন অভিযোগের পরই কার্যত তোলপাড় হয়ে গিয়েছিল বিশ্ব রাজনীতি! তড়িঘড়ি ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে নয়া দিল্লি। ইরানি সেনা কেন ভারতের দুই জাহাজে হামলা চালিয়েছে তা জানতে চাওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। এরই মাঝে এবার ভারতের জাহাজে হওয়া হামলা নিয়ে বিবৃতি দিল তেহরান। তেহরানের তরফে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ভারত এবং ইরানের মধ্যে সম্পর্ক আগের মতোই আছে।

ভারতের জাহাজে হামলার পরই নয়া বিবৃতি ইরানের!

বিগত দিনগুলিতে বারবার ইরানের তরফে দাবি করা হয়েছে ভারত তাদের ভাল বন্ধু। আমেরিকা এবং ইজরায়েলের তরফে যৌথভাবে ইরানে হামলা চালিয়ে সে দেশের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর নয়া দিল্লি দুঃখ প্রকাশ করেছিল। সেই সাথে এমন হামলার নিন্দাও জানায় ভারত। তার পরপরই ভারতের জন্য হরমুজ উন্মুক্ত করে দিয়েছিল তেহরান। কিন্তু তা সত্বেও কেন ভারতের দুই জাহাজে হামলা চালানো হলো এমন প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না অনেকেই।

এদিকে সংবাদ সংস্থা ANI এর এক রিপোর্টে দাবি করা হচ্ছে হরমুজে ভারতের জাহাজে গুলি চালানোর পরই ইরান জানিয়েছে, ভারতের সাথে তাদের সম্পর্ক আগের মতোই ভাল রয়েছে। আর এই সুসম্পর্কের সুবিধা নিয়েছে নয়া দিল্লি! ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মাজিদ হাকিম ইলাহী এ বিষয়ের বর্ণনা দিতে গিয়ে দাবি করেন, “ভারতের প্রধানমন্ত্রী এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের মধ্যে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যেও।”

অবশ্যই পড়ুন: টিপ, তিলকে নিষেধাজ্ঞা! ক্ষমায় কাজ না হওয়ায় নতুন পোশাক বিধি Lenskart-র

ভারতের তেলবাহী জাহাজগুলিতে কেন হামলা চালানো হলো সে বিষয়ে প্রশ্ন করা হলে ইলাহি জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। তবে আশা করছেন খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে। এমন প্রশ্নের উত্তরও মিলবে শীঘ্রই। এদিকে গত শনিবার ইরান ভারতের দুই জাহাজে হামলা চালালে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছিল নয়া দিল্লি। সেই সাথে জাহাজে কেন হামলা হল তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তবে ইরানি রাষ্ট্রদূত ঠিক কী জানিয়েছেন তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি। তবে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ইরানের হামলায় একটি জাহাজে সামান্য ক্ষয়ক্ষতি হলেও সুরক্ষিত রয়েছে দুই ট্যাংকারের তেল।