যাত্রী নিরাপত্তায় নতুন মাইলফলক অর্জন রেলের

Published:

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার নতুন মাইলফলক অর্জন করল ভারতীয় রেল। রেল ব্যবস্থা আরও সুরক্ষিত করতে বিভিন্ন রেল রুটে কবচ ৪.০ (Kavach 4.0) স্থাপনের কাজ করছে রেল। এবারেও যার ব্যতিক্রম ঘটল না। ১০৮ কিলোমিটার দীর্ঘ রেল রুটে ইনস্টল করা হল কবচ ৪.০। কোন রুটে? কীভাবে উপকৃত হবেন সাধারণ রেলযাত্রীরা? চলুন জেনে নিই।

কবচ ৪.০ নিয়ে বিরাট সাফল্য রেলের

রেল মন্ত্রক জানিয়েছে, কবচ ৪.০ এখন তেলেঙ্গানার মলকাজগিরি এবং কামারেড্ডি রেল সেকশনের (Malkajgiri and Kamareddy Rail Section) মধ্যে ১০৮ কিলোমিটার রুটজুড়ে স্থাপন করা রয়েছে। রেলের এই কাজের ফলে উল্লেখিত অঞ্চলে আরও নিরাপদ ও নির্বিঘ্ন ট্রেন চলাচল নিশ্চিত হবে এবং যাত্রীদের নিরাপত্তাও বাড়বে। এমনিতে ট্রেন চলাচল ব্যবস্থার উন্নতি ও আধুনিকীকরণের লক্ষ্যে ভারতীয় রেল দেশজুড়ে বিভিন্ন রেল বিভাগে বেশ কিছু পরিকাঠামো ও সুরক্ষা প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা ‘কবচ ৪.০’ স্থাপন, ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম, বৈদ্যুতিক ট্র্যাকশন ব্যবস্থার আধুনিকীকরণ এবং চার লেনের রোড ওভারব্রিজ নির্মাণ।

আরও পড়ুনঃ বাংলাতে তৈরি হবে বুলেট ট্রেন, ঘোষণা টিটাগড় রেল সিস্টেমসের ভাইস চেয়ারম্যানের

তেলেঙ্গানার মলকাজগিরি এবং কামারেড্ডি রেল সেকশন ছাড়াও গত শনিবার রেল মন্ত্রক জানিয়েছে যে উত্তর-পূর্ব রেলওয়ের লখনউ বিভাগের ৬০৭.৭ রুট কিলোমিটারজুড়ে কবচ সংস্করণ ৪.০ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে মোট ২৫২ কোটি টাকা ব্যয় করা হবে। এই প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর, লখনউ বিভাগের অবশিষ্ট চিহ্নিত রেল বিভাগগুলোও কবচ ৪.০-এর আওতায় আসবে। এটি ট্রেন পরিচালনার সঙ্গে যুক্ত নিরাপত্তা পরিকাঠামোকে শক্তিশালী করতে সাহায্য করবে।

কবচ কী?

এখনও অনেকের কাছে এই কবচ কী তা স্পষ্ট নয়। জানিয়ে রাখি, এই কবচ হলো ভারতীয় রেলের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত একটি অটোমেটিক ট্রেন সুরক্ষা ব্যবস্থা। এটি প্রয়োজনে অটোমেটিকভাবে ব্রেক প্রয়োগ করে, যেমন যখন লোকো পাইলট লাল সংকেত অতিক্রম করেন। এটি ট্রেনের চলাচলও পর্যবেক্ষণ করে এবং নিরাপদ পরিচালনায় সহায়তা করে।