৬ মাস পর খুলল কেদারনাথ মন্দিরের দরজা, প্রধানমন্ত্রীর নামে দেওয়া হল প্রথম পুজো

Published:

Kedarnath Temple

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান, পুণ্যার্থীদের জন্য এবার খুলে গেল কেদারনাথ ধাম (Kedarnath Temple)। যথাযথ আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং বৈদিক স্তোত্রপাঠ সেরে প্রায় ৬ মাস পর আজ থেকেই খুলল কেদারনাথ মন্দিরের দরজা। বাবার আশীর্বাদ পেতে আনন্দে আপ্লুত ভক্তেরা। উদ্বোধনী অনুষ্ঠানে (Kedarnath Temple Opening Ceremony) উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নামে পুজো দেওয়া হয়৷ জানা গিয়েছে, এদিনের কেদারনাথ মন্দির সাজানোর জন্য প্রায় ৫১ কুইন্টাল ফুল ব্যবহার করা হয়েছিল।

খুলে গেল কেদারনাথ ধামের দরজা

রিপোর্ট মোতাবেক, আজ, সকাল ৮ টার পর কেদারনাথ মন্দির খোলা হয়েছে। এর আগে মন্দিরটি জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছিল। ইতিমধ্যেই কেদারনাথ ধামের দরজা খোলার ভিডিও সামনে এসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং তাঁর স্ত্রী। এদিন সর্বপ্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে পুজো করা হয়। চারিদিকে আজ বিভিন্ন আচারের মন্ত্রোচ্চারণ এবং ‘বম বম ভোলে- হর হর মহাদেব’ ধ্বনির প্রতিধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে কেদারনাথ। কাল থেকে শুরু হতে চলা চার ধাম যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, যাতায়াতের ব্যবস্থা ত্রুটিহীন করা হয়েছে এবং ভক্তরা নিরাপদ যাত্রা উপভোগ করতে পারবেন।

মন্দির প্রসঙ্গে প্রধানমন্ত্রীর টুইট

কেদারনাথ ধামের দ্বার উন্মোচন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “আজ, দেবভূমি উত্তরাখণ্ডের পবিত্র ভূমিতে, আমাদের সকল ভক্তদের জন্য পূর্ণ আচার-অনুষ্ঠানের সাথে শ্রী কেদারনাথ ধামের দ্বার উন্মুক্ত করা হয়েছে। কেদারনাথ ধাম এবং চারধামের এই যাত্রা আমাদের বিশ্বাস এবং ঐতিহ্যের এক উদযাপন। এই যাত্রাগুলি আমাদের ভারতের চিরন্তন সনাতনী সংস্কৃতিরও এক ঝলক দেখায়। এই বছর চারধাম যাত্রা শুরুর উপলক্ষে, আমি উত্তরাখণ্ডে আগত সমস্ত ভক্তদের কাছে একটি চিঠির মাধ্যমে আমার অনুভূতি প্রকাশ করেছি। আমি কামনা করি যে বাবা কেদার সকলের উপর তাঁর আশীর্বাদ প্রেরণ করুক এবং আপনাদের যাত্রাকে শুভ করুন। হর হর মহাদেব!”

আরও পড়ুন: মুছে গিয়েছিল ৪% জনসংখ্যা, ১৮৭৬-র থেকেও বড় ধ্বংসযজ্ঞ চালাতে পারে সুপার এল নিনো

প্রসঙ্গত, গতকাল, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বাবা কেদারের পঞ্চমুখী চল বিগ্রহ পালকি করে কেদারনাথ ধামে নিয়ে আসা হয়েছিল। উখিমঠের ওমকারেশ্বর মন্দির থেকে প্রায় ১৭ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে জঙ্গলচট্টি, রামবাড়া, লিঞ্চোলি এবং বেস ক্যাম্প হয়ে কেদারনাথ ধামে পৌঁছায়। আর এই চমৎকার মুহূর্তটির সাক্ষী থাকতে ভারতের বিভিন্ন রাজ্য ও বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ইতিমধ্যেই ধামে পৌঁছেছেন। এই বছর, যমুনোত্রী ও গঙ্গোত্রী মন্দিরের দরজা খোলার মধ্য দিয়ে ১৯ এপ্রিল চারধাম যাত্রা শুরু হয়েছে। আর এই যাত্রায় যাতে কোন বিঘ্ন না ঘটে তার জন্য পুলিশ ও আইটিবিপি কর্মী মোতায়েন করা হয়েছে।