“আমাদের লক্ষ্য নির্বাচন কমিশন” দিল্লি পৌঁছে সিইসি-কে ‘ভ্যানিশ জি’ বলে কটাক্ষ মমতার

Published:

VANISH KUMAR EC

আনিষা চৌধুরী, কলকাতা: দিল্লিতে পা রেখেই ফের মুখ্য নির্বাচন কমিশনার (Election Commissioner) জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আগামীকালের বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, যা বলার তিনি সেখানেই বলবেন। একইসঙ্গে মমতা বলেন, তাঁদের লক্ষ্য নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তাঁকে ফের ‘ভ্যানিশ জি’ বলে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, শুরু থেকেই তিনি জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ’ বলে ডাকছেন।

‘ভ্যানিশ কুমার’কে সরানোর দাবি মমতার

নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের চাপ ক্রমশ বাড়ছে। বিশেষ করে ভোটার তালিকার SIR-কে কেন্দ্র করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। গত কয়েক দিন ধরেই মমতা জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জানিয়ে আসছেন। ২৬ সেপ্টেম্বর হুগলির সভা থেকেও তিনি ‘ভ্যানিশ কুমার’কে সরানোর দাবি তুলেছিলেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন।

এই আবহেই দিল্লিতে বিরোধীদের বৈঠক ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। ৩০ সেপ্টেম্বর দিল্লিতে INDIA ব্লকের বৈঠকে নির্বাচন কমিশন, SIR এবং জ্ঞানেশ কুমারকে সরানোর দাবির মতো বিষয়গুলি আলোচনায় উঠে আসার সম্ভাবনা প্রবল। বিরোধী দলগুলির মধ্যে কমিশনের ভূমিকা নিয়ে সমন্বিত আন্দোলনের পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে।

এদিকে SIR নিয়ে নির্বাচন কমিশনের অন্দরমহলের মতপার্থক্য নিয়েও সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দুই নির্বাচন কমিশনার কয়েকটি সিদ্ধান্ত ও নির্দেশ নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তবে নির্বাচন কমিশনের বক্তব্য, এই ধরনের অভ্যন্তরীণ নোট, প্রশ্ন ও পরামর্শ একটি বহুসদস্যের সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজের অংশ। SIR সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তগুলি তিন কমিশনারের সম্মতিতেই নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৬ মাসের শিশুর চিকিৎসায় প্রয়োজন ১৭ কোটি, সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ফলে বুধবারের দিল্লির বৈঠকের দিকে এখন নজর রাজনৈতিক মহলের। তার আগে মমতার ‘ভ্যানিশ জি’ মন্তব্য এবং নির্বাচন কমিশনকেই তাঁদের ‘টার্গেট’ হিসেবে উল্লেখ করার বক্তব্য নতুন করে এই বিতর্ককে সামনে নিয়ে এল। এখন অন্তিম ফলাফল কি দাঁড়ায় সেটাই দেখার বিষয়।

google button