প্রধানমন্ত্রী বিমানবন্দরে নামলেও ছাড়ল না কনভয়, NEET পরীক্ষার্থীদের জন্য আত্মত্যাগ মোদির

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান সেরে আজই সকাল 11টা নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুপুর 1টা বেজে 15 মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। সাধারণত বিমানবন্দরে প্রধানমন্ত্রী আসার আগেই তৈরি থাকে কনভয়। গাড়িতে ঢুকেই বেরিয়ে যান তিনি। তবে এদিন দুপুরে ধরা পড়ল একেবারে ভিন্ন চিত্র। দেখা গেল, বিমান থেকে নামার পর অন্তত 45 মিনিট বিমানবন্দরেই অপেক্ষা করলেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, ঠিক এতক্ষণ পরেই রওনা হয়েছিল মোদির কনভয়। কিন্তু কেন?

নিট পরীক্ষার্থীদের জন্যই এমন সিদ্ধান্ত নরেন্দ্র মোদির

প্রশ্ন ফাঁসের পর আজ অর্থাৎ রবিবার, 21 জুন ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা RE NEET পরীক্ষার আয়োজন করা হয়েছে। দুপুর দুটো থেকে শুরু হওয়ার কথা ছিল সেই পরীক্ষা। সরকারি সূত্র মারফত খবর, প্রধানমন্ত্রী যখন দিল্লি বিমানবন্দরে নামলেন ঠিক সেই সময় নিট পরীক্ষা দেওয়ার জন্য রাজধানীর নানান প্রান্ত থেকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন হাজার হাজার পরীক্ষার্থী। প্রধানমন্ত্রীর কনভয় যদি সেই সময় ছেড়ে দিত সে ক্ষেত্রে ট্রাফিক ব্লক করে প্রধানমন্ত্রীকে আলাদা করে জায়গা দিতে হতো। এতে সমস্যায় পড়তেন শিক্ষার্থীরা। মূলত সে কারণেই 45 মিনিট বিমানবন্দরে থাকার সিদ্ধান্ত নেন মোদি।

এক কথায় বলতে গেলে, শিক্ষার্থীদের যাতে সমস্যা না হয় সেজন্যেই বিমানবন্দর থেকে দেরিতে বেরোনোর সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। জানা যায়, দুপুর দুটোর সময় সুষ্ঠুভাবে নিট পরীক্ষা শুরু হওয়ার পরই আধিকারিকদের সাথে কথা বলে তবেই বিমানবন্দর ছাড়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। তারপরই রওনা হয় মোদির কনভয়। আর এই খবর প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

অবশ্যই পড়ুন: সেঞ্চুরি করে দলকে জিতিয়েও টিম ইন্ডিয়া থেকে বাদ যশস্বী, কারণ বিরাট কোহলি

উল্লেখ্য, গত মে মাসের 3 তারিখ নেওয়া হয়েছিল প্রথম নিট পরীক্ষা। তবে 12 তারিখ নাগাদ কেন্দ্রীয় সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে। তাই নতুন করে 21 জুন দিনটিতে হবে পরীক্ষা। সেই মতোই নতুন পরীক্ষার দিনটিতে এবং তার আগে যাতে প্রশ্ন ফাঁস না হয় সেজন্য নিরাপত্তার স্বার্থে সব রকম ব্যবস্থা করে কেন্দ্র।