অনন্যা সরকার, কলকাতা: লম্বা সফরে যাওয়ার সময় ন্যাশনাল হাইওয়ে ( National Highway) ও এক্সপ্রেসওয়েগুলিই (Expressway) ভরসা। এগুলি যাত্রীর অনেক সময় বাঁচায় এবং যাতায়াতের ক্ষেত্রেও নিরাপদ। এখন সারা দেশজুড়ে ন্যাশনাল হাইওয়ে ও এক্সপ্রেসওয়েগুলোর রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণের জন্য ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) বেশ কিছু প্রযুক্তি-নির্ভর উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে মেকানিজম ও অটোমেশনের ব্যবহার বৃদ্ধি করা হবে।
হাইওয়ে ও এক্সপ্রেসওয়ের রক্ষণাবেক্ষণ হবে প্রযুক্তিগতভাবে আরও উন্নত
এনএইচএআই (NHAI)-এর পক্ষ থেকে দেশের বিভিন্ন শহর ও জনবসতিপূর্ণ অঞ্চলগুলিতে জল নিকাশি ব্যবস্থার যান্ত্রিক রক্ষণাবেক্ষণ এবং অটোমেটিক পটহোল ফিলিং মেশিন ও মেকানাইজড রোড সুইপিং মেশিনের মতো উন্নত সরঞ্জামের ব্যবহার শুরু করার জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় (Ministry of Road Transport and Highways) বিবৃতি দিয়েছে যে, প্রতিরক্ষামূলক রক্ষণাবেক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কন্ট্রাক্টের শর্তগুলি কঠোরভাবে কার্যকর করে তোলার মাধ্যমে ন্যাশনাল হাইওয়ের উন্নতি সাধনই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
এছাড়াও মন্ত্রকে তরফে জানানো হয়েছে যে, আসন্ন বর্ষার আগমনের প্রস্তুতি হিসেবে এবং নিকাশি ব্যবস্থা রক্ষণাবেক্ষণের মান, কার্যকারিতা ও দক্ষতা বৃদ্ধি করতে এনএইচএআই ন্যাশনাল হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েগুলির ধারে থাকা ড্রেন পরিষ্কারের ক্ষেত্রে যান্ত্রিক পদ্ধতিগুলির ব্যবহার বাধ্যতামূলক করেছে।
আরও পড়ুনঃ জব কার্ড নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, দুর্নীতি রুখতে কড়া হল নবান্ন
এছাড়া, পারফরম্যান্স-বেসড মেনটেনেন্স কন্ট্রাক্টের আওতাভুক্ত সরঞ্জামের তালিকায় অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে গর্ত ভরাট করার যন্ত্র ও যান্ত্রিকভাবে রাস্তা পরিষ্কার করার যন্ত্রগুলি যুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এই পদক্ষেপগুলি ন্যাশনাল হাইওয়ে ও এক্সপ্রেসওয়েগুলিতে যাত্রার অভিজ্ঞতা ও রক্ষণাবেক্ষণের গুণমান ও কার্যকারীতা উন্নত করবে।










