সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসমের পর ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হয়েছে রাজধানী দিল্লিতে (Delhi SIR)। ইতিমধ্যেই ৩৩.১ লক্ষ ভোটারকে শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে। তবে মজার ব্যাপার, সেই তালিকায় নাম রয়েছে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। কমিশন সূত্রে জানা গিয়েছে, তাঁদের ভোটার রেকর্ডে অসঙ্গতি মেলায় পাঠানো হয়েছে নোটিশ।
রেখা গুপ্তা এবং অরবিন্দ কেজরিওয়ালকে এসআইআর-র নোটিশ
দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফ থেকে অসঙ্গতি মেলা নাগরিকদের ভোটার তালিকা আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। গত ৩১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের তিন সপ্তাহ পর এই তালিকা প্রকাশ করা হয়েছে বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, বয়স সংক্রান্ত গরমিল এবং রেখার সাথে তাঁর বাবা-মায়ের নথিভুক্ত বয়সের ব্যবধান নিয়ে অসঙ্গতি মেলার কারণেই পাঠানো হয়েছে এই নোটিশ। নথি অনুযায়ী, তাঁর এবং তাঁর বাবা-মায়ের বয়সের ব্যবধান ১৫ বছরের কম।
অন্যদিকে পূর্ববর্তী এসআইআর-র সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের বর্তমান রেকর্ড মেলেনি। যে কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল, তাঁর বাবা-মা এবং ছেলে পুলকিত কেজরিওয়ালকেও নোটিশ পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে এই নোটিশের পরিপ্রেক্ষিতে আম আদমি পার্টির জাতীয় মিডিয়া ইনচার্জ অনুরাগ ধান্ডা বলেছেন, “এটা কেমন প্রক্রিয়া, যার মাধ্যমে দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর পরিবারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে?”

আরও পড়ুন: ছুটির দিন অনেকটাই বদলে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট
তবে রেখা গুপ্তাকে পাঠানো নোটিশ নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে শনিবার জানানো হয়েছে যে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রীকে যে নোটিশ জারি করা হয়েছিল তা সাধারণ যাচাই প্রক্রিয়ার একটি অংশ ছিল। মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নাম বৈধ বলে প্রমাণিত হয়েছে এবং ৪ নভেম্বর যে তালিকা প্রকাশ করা হবে, সেখানে রেখা গুপ্তার নাম অন্তর্ভুক্ত করা হবে।










