অনন্যা সরকার, কলকাতা: বর্তমান সময়ে পড়াশোনার পাশাপাশি হাতেকলমে কাজের অভিজ্ঞতা থাকলে চাকরি পেতে অনেক সুবিধা হয়। তাই বিভিন্ন প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের ইন্টার্নশিপ (Internship)-এর সুযোগ করে দেয়। এমন কি খোদ কেন্দ্রীয় সরকারও তরুণ তরুণীদের জন্য ২০২৪ সালে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (PM Internship Scheme) চালু করে, যা দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় কোম্পানিগুলিতে শিক্ষানবিশ হয়ে কাজ শেখার ও সাথে উপার্জন করার সুযোগ করে দেয়। বর্তমানে এই টিমের অধীনে ইন্টার্নশিপ পাওয়ার জন্য যোগ্যতার মানদণ্ড পরিবর্তন করেছে সরকার। আসুন জেনে নিই পিএম ইন্টার্নশিপ স্কিমের অধীনে কাজ পেতে কী ধরনের যোগ্যতার প্রয়োজন।
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের শর্তাবলী
আগে শর্ত ছিল প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে যুক্ত হওয়া ব্যক্তিরা যেন নিয়মিত পড়াশোনার সাথে যুক্ত না থাকে। তবে এখন নিয়ম পাল্টে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির শেষ বর্ষের ছাত্রছাত্রীরা ও এই স্কিমের অধীনে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় (Ministry of Corporate Affairs) জানিয়েছে যে তারা শিক্ষা মন্ত্রক ও উচ্চ শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করে এই সংশোধনগুলি করেছে।
এখন থেকে ১৮ থেকে ২৫ বছর বয়সের স্নাতক ও স্নাতকোত্তরের শেষ বছরের ছাত্র-ছাত্রীরা পিএম আইএস (PMIS)-এর পোর্টাল থেকে দেশের শীর্ষস্থানীয় সংস্থা গুলিতে এন্টেনশিপ এর জন্য আবেদন করতে পারবেন। ইন্টার্নরা শুধু কাজ শিখবেন এমন নয়, তার সাথে স্টাইপেন্ডও পাবেন। পিএম ইন্টার্নশিপ স্কিমের অধীনে নির্বাচিত ইন্টার্নরা ১২ মাসের জন্য প্রতি মাসে ন্যূনতম ৯,০০০ টাকা করে পাবেন। যোগদানের সময় এককালীন ৬০০০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুনঃ জব কার্ড নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, দুর্নীতি রুখতে কড়া হল নবান্ন
তবে, এই স্কিমের জন্য আবেদন করার সময় ছাত্র-ছাত্রীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি নন অবজেকশন সার্টিফিকেট (NOC) জমা দিতে হবে এবং তাদের এও নিশ্চিত করতে হবে যে ইন্টার্নশিপের কারণে তাদের পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটবে না। বর্তমানে এমএমআইএস-এর পরীক্ষামূলক পর্বের তৃতীয় দফা চলছে। এই স্কিমের অধীনে ২৫ টিরও বেশি সেক্টরে ইন্টার্নশিপ করার সুযোগ পাওয়া যাবে এবং কোম্পানিগুলি থেকে অতিরিক্ত সুবিধাও মিলবে।










