বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ বছর রাজধানী দিল্লির বুকে বসছে BRICS শীর্ষ সম্মেলন (BRICS Summit 2026)। সেখানেই যোগ দিতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে চিনের শি জিনপিং। এছাড়াও ব্রাজিল থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য সদস্য দেশের রাষ্ট্রপ্রধানেরা দিল্লিতে এই বিশেষ সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করবেন। আর সেই মহাসম্মেলনে যোগ দিতে যাচ্ছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। যদিও সরাসরি সম্মেলনে নয় বরং উদ্বোধনী রাতে রাইসিনা হিলসে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শুভেন্দু। সেখানেই থাকবেন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রের রাষ্ট্র প্রধানেরা।
পুতিনদের সাথে নৈশভোজ করবেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর এবার আন্তর্জাতিক নেতাদের সাথে মেলামেশা করার একটা বড় সুযোগ পাচ্ছেন শুভেন্দু অধিকারী। সেই সুযোগকেই কাজে লাগাতে হবে দেশে আয়োজিত হতে যাওয়া BRICS সম্মেলনে। সূত্রের খবর, শনিবার দুপুরে বিমানে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, 12 ও 13 সেপ্টেম্বর অর্থাৎ শনি এবং রবিবার অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে নরেন্দ্র মোদি সরকারের মেগা আয়োজনে শামিল করা হচ্ছে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের। ইতিমধ্যেই নাকি তাঁদের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শনিবার দিল্লির ভারত মণ্ডপমে উদ্বোধন অনুষ্ঠান এবং তারপর প্রথমদিনের সম্মেলন শেষে প্রত্যেক দেশের অতিথীদের আপ্যায়ন করা হবে ভারত সরকারের তরফে। তাঁদের আপ্যায়ন করা হবে রাষ্ট্রপতি ভবনে। এরপরই রাতের খাবার অর্থাৎ নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে শি জিনপিং সহ অন্যান্য রাষ্ট্র নেতাদের সাথে নৈশভোজে অংশগ্রহণ করবেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
আরও পড়ুন: BRICS দেশের সাথে ব্যবসা করে ক্ষতি? আমদানি বাড়লেও কমল ভারতীয় পণ্যের রপ্তানি
কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, শনিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর সেখানে নৈশভোজের অনুষ্ঠান শেষ করে পশ্চিমবঙ্গে না ফিরে সরাসরি রাজধানী থেকেই বিমানে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে নাকি শিল্পপতি মুকেশ আম্বানির সাথে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে তাঁর। বাংলার শিল্পে বিনিয়োগ নিয়েও কথা হতে পারে তাঁদের।










